আজ (শনিবার, ১৪ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ৪২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং পাঁচ কেজি ৪২০ গ্রাম ওজনের একটি দুর্গামূর্তির খণ্ডাংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রত্নবস্তুগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর সিজার মূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অপরিসীম।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।





