ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে দীর্ঘদিন ধরেই সামরিক জোট ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে কিয়েভ। অন্যদিকে রাশিয়া বরাবরই বলে আসছে, নিজেদের সীমান্তে ন্যাটোর আরেকটি সদস্যদেশ থাকা তাদের কাছে অগ্রহণযোগ্য। মস্কো দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার দাবি জানালেও জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন যে ইউক্রেন নিজেদের সার্বভৌম ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
শনিবার সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘মার্কিনরা একটি প্রশ্ন তুলেছেন যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তবে কী হবে? ইউক্রেন কি দনবাস থেকে সরে আসবে? এই প্রথমবারের মতো বিষয়টি তোলা হয়েছে।’ তিনি আরও জানান, যদি এমন কোনো প্রস্তাব পান যাতে নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিল পাওয়া যাবে, তবে তিনি বিষয়টি গণভোটে দেবেন।
মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে দেখা করতে আইরিশ রাজধানী ডাবলিনে যান মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তবে পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং ভূখণ্ড ও নিরপেক্ষতার বিষয়ে মস্কোর দাবিগুলো এখনো ইউক্রেনের বিবেচনার সীমার চেয়ে অনেক বেশি।
শান্তিচুক্তির শর্ত হিসেবে এর আগে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডের ছাড় এবং কিয়েভের নিরপেক্ষতার নিশ্চয়তার প্রস্তাব দিয়েছিল মস্কো। ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে যুক্তি দিয়েছে, এ ধরনের সীমাবদ্ধতা ভবিষ্যতে যেকোনো আগ্রাসন ঠেকানোর সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সমঝোতার কিছু লক্ষণও দেখা গেছে। গত মাসে লোকজনকে সরিয়ে নেয়া ও ত্রাণ সরবরাহের সুযোগ দিতে খেরসন অঞ্চলে একটি সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে সক্ষম হয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে ‘ন্যাটোর বিষয়টি আবার আলোচ্যসূচিতে ফিরে এসেছে’। অবশ্য একই সঙ্গে সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা পুতিনের ইঙ্গিতও শুনেছেন, আর এটি অত্যন্ত কঠিন একটি আলোচনা।’
দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত দনবাসের বেশিরভাগ অংশসহ ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। দনবাসে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সামান্য ভূখণ্ড ছেড়ে দেয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, কারণ এর অর্থ হবে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয়া। জেলেনস্কি এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ২০১৪ সালে মস্কোর অধিভুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছিলেন।
কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর সাম্প্রতিক এই আলোচনা অনুষ্ঠিত হলো। রাশিয়ার অভ্যন্তরে তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলা নিয়ে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে বিশ্ববাজারে বাড়তে থাকা জ্বালানির দাম কমাতে রুশ ডিজেলের সরবরাহ সহজ করার লক্ষ্যে ইউক্রেনকে ওই হামলা স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর জেলেনস্কি অভিযোগ করেন, প্রতিরক্ষামূলক অভিযান সমন্বয়ের কাজে ব্যবহৃত ইউক্রেনের স্টারলিংক ইন্টারনেট সেবা সীমিত করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে ট্রাম্প বলেছিলেন, ‘ইউক্রেনের জন্য নতুন একজন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে’ এবং তিনি নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনে সামরিক আইন জারি থাকায় বর্তমানে নির্বাচন স্থগিত রয়েছে। তবে জেলেনস্কি এর আগে বলেছিলেন, শান্তিচুক্তি হওয়ার কয়েক মাসের মধ্যে তিনি নির্বাচন আয়োজন করতে রাজি আছেন এবং ন্যাটোর সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্টের পদও ছেড়ে দেবেন।





