চীনে মানুষ নিয়ে প্রথম আকাশে উড়লো বৈদ্যুতিক বিমান

চীনের বিমান নির্মাতা প্রতিষ্ঠান কোম্যাকের সিই-২৫এ মডেলের উড়োজাহাজ
বিদেশে এখন
0

চীনে প্রথমবারের মতো মানুষ নিয়ে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে একটি বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটি সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করে। প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে এটি। আজ রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রয়টার্স জানিয়েছে, ‘সিই-২৫এ’ মডেলের বিমানটিতে দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য এটি তৈরি করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ ও বার্তা সংস্থা সিনহুয়া প্রথম এ খবর প্রকাশ করে।

বৈদ্যুতিক প্রপালশন বা চালনা ব্যবস্থা থাকা এই বিমানে একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করা সম্ভব। বিমানটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে এটি উড়তে সক্ষম। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে বিমানটি।

বিমানটি নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক), ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করেছে।

কোম্যাক জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চীনের বিমান চলাচল ও উড়োজাহাজ নির্মাণ খাতের জন্য এটি একটি বড় অগ্রগতি।

উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিমানটির স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা চালানো হয়েছিল। এরপর চালকবিহীন আরও ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি।

তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি এখনো পায়নি বিমানটি। নির্মাতা প্রতিষ্ঠানটি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএসিএ) কাছে টাইপ সার্টিফিকেশনের জন্য আবেদন করেছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এটি বাণিজ্যিক সেবায় যুক্ত হতে পারবে।

এএম