মেগাস্পিডের সাবেক শীর্ষ কর্মকর্তা ও চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসার পর মেগাস্পিড নতুন করে আলোচনায় আসে। কিছু মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, চীনের গুপ্তচরবৃত্তির তৎপরতার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগসূত্র ছিল। এই কেলেঙ্কারির জেরে গত ১২ নভেম্বর এনভিডিয়া থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তবে এ বিষয়ে বক্তব্য জানতে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
মার্কিন বাণিজ্য ও বিচার দপ্তরের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবেদনশীল সেমিকন্ডাক্টর অন্যত্র সরিয়ে নেয়ার সম্ভাব্য ঝুঁকির ওপর নিয়মিত নজরদারি চালানোর সময় সন্দেহজনক কর্মকাণ্ড ধরা পড়ে। এরপর রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে ২০২৪ সালে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাণিজ্য দপ্তর।’
বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের মে মাসে বাণিজ্য দপ্তরের তদন্তকারীরা মেগাস্পিডের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বিক্রির নথিপত্র চেয়ে এনভিডিয়ার কাছে চিঠি দেয়। এরপর ২০২৫ সালের জুনে মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করে তাদের কাছে পণ্য বিক্রি বন্ধ করে দেয় এনভিডিয়া। দাপ্তরিক সময়ের বাইরে হওয়ায় এ বিষয়ে এনভিডিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাণিজ্য ও বিচার দপ্তর আরও জানিয়েছে, ২০২৫ সালের জুনে সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মিলে মার্কিন এজেন্টরা মেগাস্পিডের কার্যালয়ে সশরীরে গিয়ে চিপের চূড়ান্ত ব্যবহারের বিষয়টি যাচাই করেন এবং সে সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেন। ওই অভিযানের পর মেগাস্পিডের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের মূল দায়িত্ব নেয় মার্কিন বিচার দপ্তর। বিবৃতিতে বলা হয়, সাধারণত চলমান তদন্ত নিয়ে মার্কিন সংস্থাগুলো কোনো মন্তব্য না করলেও জনস্বার্থের কথা বিবেচনা করে এবার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে রোববার মেগাস্পিড এক বিবৃতিতে জানায়, অ্যালিস হুয়াং ২০২৫ সালের ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন এবং তারা ‘বৈধ ও আইনসম্মত ব্যবসা’ পরিচালনা করে আসছে। অন্যদিকে সিঙ্গাপুর সরকার সোমবার জানিয়েছে, মেগাস্পিড ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে তারা সম্মত হয়েছে।
গত সপ্তাহে সিঙ্গাপুর সরকার জানিয়েছিল, অ্যালিস হুয়াং অতীতে মেগাস্পিডের প্রধান নির্বাহী কর্মকর্তা, চেয়ারপারসন এবং অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। সার্ভার কেনার ক্ষেত্রে মিথ্যা ঘোষণা দেয়ার সন্দেহে তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পায়নি পুলিশ। তবে প্রতিষ্ঠানে নিজের ভূমিকা ছোট করে দেখাতে জেনেবুঝে ভুল তথ্য দেয়ার কারণে তাকে সতর্ক করে দেয়া হয়েছিল। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং মেগাস্পিড ও অপর ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সরকারি কর্তৃপক্ষের সন্দেহ ছিল। তবে নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য গণমাধ্যমে হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে সূত্র দুটি বলছে, তিনি সম্ভবত পুরোপুরি প্রশিক্ষিত কোনো গুপ্তচর ছিলেন না; বরং তথ্য সরবরাহকারী বা গোয়েন্দা সোর্স হিসেবে কাজ করতেন। তবে অ্যালিস হুয়াং গুপ্তচর ছিলেন—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।
—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে





