তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, আজকের এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।’
সরকারপ্রধান বলেন, ‘আমাদের জাতির ইতিহাসের এই নতুন অধ্যায়ের সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’
এ মহড়ায় দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।
চূড়ান্ত অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
আরও পড়ুন:
বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী।
এসময় তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
পরে প্রধানমন্ত্রী দেশিয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখেন।
এছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসময় তার সঙ্গে ছিলেন।
যানটি চালানোর সময় প্রধানমন্ত্রী দুই পাশে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।





