এআই খাতের কৃত্রিম জোয়ার ধসে মন্দা দেখা দিতে পারে: গ্যারি জেনসলার

ওয়াল স্ট্রিটের সাবেক নিয়ন্ত্রক গ্যারি জেনসলার
বিদেশে এখন
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের ফলে অর্থনীতিতে যে কৃত্রিম জোয়ার ও ফুলে-ফেঁপে ওঠা বাজার তৈরি হয়েছে, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তা ধসে পড়ে অর্থনৈতিক মন্দা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ওয়াল স্ট্রিটের সাবেক নিয়ন্ত্রক গ্যারি জেনসলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজার তদারকির দায়িত্বে থাকা জেনসলার মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, এআই খাতে এরই মধ্যে একটি অতিরঞ্জিত মূল্যায়নের বা ফুলে-ফেঁপে ওঠা বাজার তৈরি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক ধাক্কা ও অস্থিরতার মুখে পড়া এআই শিল্পের জন্য এক অনিশ্চিত সময়ে জেনসলারের এই মন্তব্য এল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ডেটা সেন্টারের ওপর সম্ভাব্য বিধিনিষেধ আরোপের শঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের জন্য অপরিহার্য। অন্যদিকে এআই শিল্পের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের পতন ওয়াশিংটন এবং ওয়াল স্ট্রিট—উভয় জায়গাতেই অস্থিরতা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে রেকর্ড গড়ার মতো সম্ভাব্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রস্তুতি নিতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা গ্যারি জেনসলার এআই অবকাঠামো খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু প্রাক্কলন অনুযায়ী, এই খাতে বার্ষিক বিনিয়োগের পরিমাণ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছাচ্ছে।

জেনসলারের মতে, ইতিহাস বলে দ্রুত প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিপুল বিনিয়োগের সময়কাল একপর্যায়ে একটি বাঁকবদলের মুখে এসে দাঁড়ায়, যখন প্রবৃদ্ধির গতি কমে যায় এবং বাজার সংকুচিত হতে শুরু করে। তার দৃষ্টিতে প্রধান অনিশ্চয়তার বিষয় হলো, এমন ধসের ফলে তুলনামূলক মৃদু মন্দা দেখা দেবে, নাকি তা আরও ভয়াবহ অর্থনৈতিক সংকটে রূপ নেবে।

এই মন্তব্যের মধ্য দিয়ে জেনসলার এআই-তাড়িত সম্ভাব্য মন্দা নিয়ে সতর্ক করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সাবেক আর্থিক নিয়ন্ত্রকদের কাতারে শামিল হলেন। এর আগে হেজ ফান্ডের শতকোটিপতি রে ডালিও, হার্ভার্ডের অর্থনীতিবিদ কেনেথ রগফ এবং বিনিয়োগকারী মাইক নভোগ্রাৎজের মতো প্রভাবশালী বিনিয়োগকারী ও অর্থনীতিবিদেরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত জেনসলার এআই খাতের বর্তমান বিনিয়োগের জোয়ারকে অতীতের প্রযুক্তিগত বিস্তারের সময়গুলোর সঙ্গে তুলনা করেছেন। বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়ার আগে বিপুল বিনিয়োগ আকর্ষণ করা প্রধান উদ্ভাবনের উদাহরণ হিসেবে তিনি রেলপথের বিস্তার, ১৯২০-এর দশকে বিদ্যুতের ব্যাপক প্রসার এবং ১৯৯০-এর দশকে ইন্টারনেটের জোয়ারের কথা উল্লেখ করেন।

এআই শিল্পেও বর্তমানে একই ধরনের বিনিয়োগের হিড়িক দেখা যাচ্ছে, যেখানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ডেটা সেন্টার, উন্নত সেমিকন্ডাক্টর ও অন্যান্য অবকাঠামো খাতে বিপুল অর্থ ব্যয় করছে। বিপুল আর্থিক মুনাফার প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্রমেই আরও উন্নত এআই মডেল ও শক্তিশালী চিপ তৈরির প্রতিযোগিতায় নেমেছে। তবে বিনিয়োগের এই গতি এআই শিল্পের মুনাফা অর্জনের সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। ব্যয় এবং আর্থিক আয়ের মধ্যে বাড়তে থাকা এই ব্যবধান এআই খাতের জোয়ারের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে এবং ইঙ্গিত দিচ্ছে যে বাজারকে শেষ পর্যন্ত বড় ধরনের সংশোধনের মুখোমুখি হতে পারে।

এএম