রিয়াদে হুথিদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; সানায় সৌদি জোটের পাল্টা আঘাত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে উঠছে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী
বিদেশে এখন
0

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধ ও বৃহস্পতিবার দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হুথিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি যুদ্ধবিমান থেকে পাল্টা হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রিয়াদে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার পর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীর দিকে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের হুমকি তারা মোকাবিলা করেছে। জোটের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ধ্বংসাবশেষ নিচে পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বিস্তারিত উল্লেখ না করে রাজধানীবাসীকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করেছিল। পরে সংস্থাটি জানায়, বিপদ কেটে গেছে। একই দিন ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করার কথা জানায় জোট। যদিও সৌদি কর্তৃপক্ষ বা হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

রিয়াদে বিস্ফোরণের কিছুক্ষণ পরই হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, বৃহস্পতিবার ভোরে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকের খবর প্রকাশের কিছুক্ষণ পরই বৃহস্পতিবারের এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসপিএ জানায়, বৈঠকে তারা সামরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বুধবারও (১৮ নভেম্বর) রিয়াদে শক্তিশালী বিস্ফোরণে বাড়িঘর কেঁপে ওঠে। ওই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদ অঞ্চলের দিকে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। পরে দক্ষিণাঞ্চলীয় শারুরাহ গভর্নরেটে সতর্কতা জারি ও তা তুলে নেয়ার পর রিয়াদ এবং দক্ষিণাঞ্চলে হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় জোটটি। পাশাপাশি ইয়েমেন সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও খামিস মুশাইত অঞ্চলে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বুধবারের হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর আর্থিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছেন। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ব্যবহার করে অন্যান্য স্থাপনায়ও আঘাত হানা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবারের বিস্ফোরণের আগে মুঠোফোনে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। উত্তর রিয়াদের এক বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণের শব্দ ছিল প্রচণ্ড জোরালো। কোনো সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনা খুবই ভীতিকর।’ এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের ধাক্কায় তার পুরো বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ চলে যায়। শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখার কথাও জানান বাসিন্দারা।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়। এর মধ্য দিয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং দেশটির সর্বাধিক জনবহুল এলাকার নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ে। নতুন করে যুদ্ধ শুরুর পর হুথিরা ব্যাপক এলাকা দখল করে নিয়েছে এবং সরকারের অস্থায়ী রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকা দখল করে বাব-এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হয়েছে গোষ্ঠীটি। হরমুজ প্রণালির বিপরীত প্রান্তে আরব উপদ্বীপের অন্য পাশে অবস্থিত এই বাব-এল-মান্দেব প্রণালি উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ।

সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে হুথিরা। জবাবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে রিয়াদে বারবার হামলার ঘটনা ঘটেছে। গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং শত শত মানুষ আহত হন। ওই ঘটনায় দুই সপ্তাহ ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এছাড়া আগের আরেকটি হামলার চেষ্টার সময় ধ্বংসাবশেষ পড়ে রাজধানীতে তেল জায়ান্ট সৌদি আরামকোর মালিকানাধীন একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের তথ্যমতে, গত গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এএম