দুই সপ্তাহের মধ্যে রিয়াদের আর্থিক অঞ্চলে আবার হামলা; ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার

সৌদি আরবের জাজান প্রদেশের জিজানে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে
বিদেশে এখন
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনে বৃহস্পতিবার সন্দেহভাজন হুথি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই ভবনেই দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান যুদ্ধের সর্বশেষ উত্তেজনার অংশ হিসেবে এই হামলার ঘটনা ঘটল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলায় পিআইএফ টাওয়ার নামের ওই ভবনের সাত থেকে আটটি তলার জানালার কাচ ভেঙে গেছে এবং এর ধাতব কাঠামোর কিছু অংশ বেঁকে গেছে। এ নিয়ে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো হুথিদের হামলায় রিয়াদের আর্থিক অঞ্চলের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলো। এর আগে গত ৮ নভেম্বর এক হামলায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বৃহস্পতিবারের হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয় এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হেনেছে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হুমকি তারা মোকাবিলা করেছে। জোটের প্রাথমিক মূল্যায়নে ধ্বংসাবশেষ নিচে পড়া এবং বস্তুগত ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে এই হামলার বিষয়ে হুথিরা তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

বৃহস্পতিবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দে সৌদি রাজধানীর বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। অন্যদিকে হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ আবার শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে হুথিরা। ইয়েমেনের স্থলভাগের লড়াইয়েও সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিশাল এলাকা দখল করে নিয়েছে গোষ্ঠীটি। এতে গত সপ্তাহান্তে সরকারি বাহিনী বড় ধরনের পশ্চাদপসরণে বাধ্য হয়। বর্তমানে ইয়েমেনের পরিস্থিতি হুথিদের অনুকূলে রয়েছে বলে মনে হচ্ছে। তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালিসহ দেশটির পুরো লোহিত সাগর উপকূল দখল করে নিয়েছে এবং সরকারের অস্থায়ী রাজধানী এডেনের অদূরে পার্বত্য অঞ্চলের তায়েজ শহর ঘিরে ফেলেছে।

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ ও মার্কিন মিত্র সৌদি আরবের অর্থনীতিকে বহুমুখী ও উন্নত করার যে পরিকল্পনা যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিয়েছিলেন, এই সংঘাত তাতে বড় ধরনের আঘাত হেনেছে। বুধবার রিয়াদে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ। ইয়েমেন সংঘাত পুনরায় শুরু হওয়ার পর এটি সৌদি আরবে কুপারের প্রকাশ্যে আসা তৃতীয় সফর।

সৌদি পরিকল্পনার বিষয়ে অবগত দুই পশ্চিমা কর্মকর্তার বরাতে বুধবার রয়টার্স জানায়, এই সামরিক অভিযান আরও ছয় মাস অর্থাৎ ২০২৭ সালের বেশ কিছুটা সময় পর্যন্ত গড়াতে পারে বলে এখন ধারণা করছেন সৌদি কর্মকর্তারা। সৌদি পরিকল্পনার বিষয়ে অবগত তৃতীয় আরেকটি সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, চলতি সপ্তাহেই ইয়েমেনে লড়াইরত জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। হুথিদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার আগে স্থলভাগে নিজেদের মিত্রদের অগ্রগতি দেখতে চায় রিয়াদ।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া বৃহত্তর যুদ্ধে কাতারের মধ্যস্থতায় চলা আলোচনায় এখনো কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। এর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। মার্কিন মিত্র বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে মঙ্গলবার হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, হুথিরা রাজধানী সানা ও দেশের বড় অংশ দখল করে নেয়ার পর ইয়েমেনের সরকারকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালে একটি আরব জোটের নেতৃত্ব দিয়ে প্রথম এই সংঘাতে জড়িয়েছিল সৌদি আরব। রক্তক্ষয়ী লড়াই অচলাবস্থায় পৌঁছানোর পর ২০২২ সালে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল, যা এ বছরের গ্রীষ্মকাল পর্যন্ত স্থায়ী ছিল।

এএম