প্রস্তাবিত নৌপথের বিষয়ে ইরান ও ওমান একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। তবে পরিকল্পনাটি এখনো আনুষ্ঠানিক অনুমোদন ও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে এবং এটি এখনো স্থায়ী বা পূর্ণাঙ্গ কোনো চুক্তিতে রূপ নেয়নি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রীর আলোচনায় আঞ্চলিক উত্তেজনা রোধে কূটনৈতিক বিকল্প, সংলাপ পুনরায় শুরু করা, সামুদ্রিক করিডোরের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার বিষয়গুলো স্থান পেয়েছে। উভয় মন্ত্রী সংলাপ, পারস্পরিক স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের ওপর জোর দিয়েছেন এবং সাময়িক উত্তেজনা প্রশমনের বাইরে গিয়ে সংঘাত রোধে টেকসই চুক্তির তাগিদ দিয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর উপসাগরীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য যৌথ দায়িত্ব নেয়ার প্রকাশ্য আহ্বান জানিয়েছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী আলবুসাইদি। এরপর গত ৫ নভেম্বর এক ফোনালাপে হরমুজ প্রণালি দিয়ে বাধাহীন নৌচলাচল ফিরিয়ে আনতে কারিগরি ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে দুই দেশ। আলবুসাইদির প্রস্তাবিত অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক কাঠামোয় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্যদেশের পাশাপাশি ইরান ও ইরাককে যুক্ত করার কথা বলা হয়েছে। ইরানকে কেবল বাইরের হুমকি হিসেবে না দেখে নিরাপত্তা ব্যবস্থার অংশ করার এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলো কী বলছে?
লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) গত ৩০ অক্টোবর প্রকাশিত তাদের এক কৌশলগত প্রতিবেদনে উপসাগরীয় নিরাপত্তা কাঠামো বদলে যাওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করেছে। এগুলো হলো—মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার বিশ্বাসযোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান সংশয়, মার্কিন সামরিক প্রযুক্তি ও শক্তির ওপর অব্যাহত নির্ভরতা, ইরানকে প্রতিরোধের পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা নিয়ে উপসাগরীয় দেশগুলোর মতপার্থক্য, প্রতিরক্ষা অংশীদারত্ব বহুমুখী করার আগ্রহ এবং উপসাগরীয় অবকাঠামো ও জ্বালানি রপ্তানির ঝুঁকি পুনর্মূল্যায়ন। আইআইএসএসের মতে, মার্কিন প্রভাব পুরোপুরি হারিয়ে যাচ্ছে না; বরং মার্কিন সক্ষমতার ওপর নির্ভরতা বজায় রেখেই ওয়াশিংটনের ওপর একক নির্ভরশীলতা নিয়ে নতুন করে ভাবছে অঞ্চলটি।
অন্যদিকে যুক্তরাজ্যের চ্যাথাম হাউসের গত সেপ্টেম্বরের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ-পূর্ববর্তী উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থা আগের রূপে ফিরে আসার সম্ভাবনা কম। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে। চ্যাথাম হাউসের মতে, ওয়াশিংটন এখন তাদের সামরিক উপস্থিতির ধরন বদলে ফেলতে পারে। এর অংশ হিসেবে ঘাঁটির সংখ্যা ও দৃশ্যমানতা কমানো, সেনা ছড়িয়ে-ছিটিয়ে মোতায়েন করা, নিখুঁত আঘাত হানার সক্ষমতার ওপর জোর দেয়া, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন বাড়ানো এবং সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ানো হতে পারে। অর্থাৎ সামরিক উপস্থিতির ধরন বদলালেও তা মার্কিন সেনা প্রত্যাহার নয়। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১৫০ কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দৈনিক ১ কোটি ৪৫ লাখ ব্যারেলের বেশি প্রবাহ নির্দেশ করে।
সামরিক শ্রেষ্ঠত্ব ও অস্ত্রের উৎপাদন কি সমীকরণ বদলে দেবে?
গত এক দশকের বেশির ভাগ সময় উপসাগরীয় অঞ্চলে ৩০ থেকে ৫০ হাজার সেনা রেখেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের মতে, এই মডেলটি তৈরি হয়েছিল অপারেশন ডেজার্ট স্টর্ম-পরবর্তী সময়ের জন্য, যখন ইরান অনেক দুর্বল ছিল। কিন্তু এখন মার্কিন বিমানবাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষার বড় অংশ ধ্বংস করতে পারলেও তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উপসাগরীয় অঞ্চলে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, উপসাগরীয় ঘাঁটিগুলো এখন শক্তির প্রতীকের চেয়ে ইরানের কাছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাই স্থায়ীভাবে সেনা ঝুঁকির মুখে না রেখে প্রয়োজনের সময় দ্রুত সেনা পাঠানোর কৌশল নেয়ার পরামর্শ দিয়েছে তারা। স্টিমসন সেন্টারের মূল পরামর্শ হলো—উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো আর পুনর্নির্মাণ না করা।
অবশ্য ফরেন অ্যাফেয়ার্সে দানা স্ট্রাউল যুক্তি দিয়েছেন, প্রতিবেশীদের প্রতি তেহরানের হুমকির কারণেই যুক্তরাষ্ট্রকে সামরিক উপস্থিতি বজায় রাখতে হবে। ডিফেন্স প্রায়োরিটিজ বলছে, অস্ত্র ও প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ওপর গভীরভাবে নির্ভরশীল হওয়ায় উপসাগরীয় দেশগুলো দ্রুত অন্য কোনো নিরাপত্তা অংশীদারের দিকে ঝুঁকবে না। তবে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, ইরানের হামলা যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পশ্চাদপসরণে বাধ্য করতে পারে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা এবং দুটি বিমানবাহী রণতরী বহর রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ১ হাজারের বেশি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র (ইন্টারসেপ্টর) খরচ করেছে, যা তাদের যুদ্ধ-পূর্ববর্তী প্যাট্রিয়ট মজুতের ৪০ শতাংশের বেশি এবং থাড ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক। অন্য এক হিসাবে থাড ব্যবহারের হার ৮০ শতাংশ বলা হয়েছে, যা আগের উৎপাদন হারে পূরণ করতে প্রায় তিন বছর সময় লাগবে। এছাড়া কয়েক সপ্তাহে ১ হাজারের বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, অথচ তারা বছরে মাত্র ৯০ থেকে ১০০টি টমাহক উৎপাদন করতে পারে। ইতিমধ্যে প্রায় ১ হাজার ৯৭০টি প্যাক-৩ এমএসই ইন্টারসেপ্টর তৈরির জন্য ৯৮০ কোটি ডলারের একটি চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। অসম অর্থনীতির এই যুদ্ধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের মতো একমুখী আত্মঘাতী ড্রোন তৈরি করতে মাত্র কয়েক হাজার ডলার খরচ হয়, অথচ সেগুলো ধ্বংস করতে ব্যবহৃত প্রচলিত ক্ষেপণাস্ত্রের দাম লাখ লাখ ডলার। তাই মাত্র ৫ হাজার ডলার খরচের ড্রোন-বিধ্বংসী প্রযুক্তি ও লেজার প্রতিরক্ষাব্যবস্থা তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
উপসাগরীয় দেশগুলো কি নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে পারবে?
প্রচলিত উপসাগরীয় নিরাপত্তা কাঠামো মূলত বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের সামরিক সুবিধা এবং সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের নিবিড় প্রতিরক্ষা সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। তবে ২০২৬ সালের সংঘাত এই মডেলের দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। ইরান প্রমাণ করেছে যে উন্নত প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে সক্ষম।
এতে উপসাগরীয় দেশগুলো উভয়সংকটে পড়েছে। একদিকে মার্কিন সামরিক অংশীদারত্ব উন্নত সুরক্ষা দেয়, অন্যদিকে বিদেশি সামরিক ঘাঁটি থাকার কারণে আঞ্চলিক যুদ্ধে তাদের ইরানের পাল্টা হামলার শিকার হতে হচ্ছে। ওয়াশিংটন এখন বড় কোনো অভিযানের বদলে অর্থনৈতিক চাপ ও সীমিত হামলার পথ বেছে নিলেও কুয়েত, বাহরাইন ও হরমুজ প্রণালিতে ইরানের হামলা ও হুমকি থামেনি।
ইরান-ওমান পরিকল্পনা কি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার বিকল্প হতে পারে?
গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং এর পথে তিনটি বড় বাধা রয়েছে। প্রথমত, আঞ্চলিক আস্থার অভাব। ইরান যে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, সামুদ্রিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতি সম্মান দেখাবে, কেবল কূটনৈতিক আলোচনায় তার নিশ্চয়তা মেলে না। দ্বিতীয়ত, সামরিক সক্ষমতা। সামুদ্রিক করিডোর ও যৌথভাবে মাইন অপসারণের মতো কারিগরি ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেয়া গোয়েন্দা তথ্য, নজরদারি এবং আকাশ ও নৌ-প্রতিরক্ষা সক্ষমতার বিকল্প হতে পারে না। তৃতীয়ত, আন্তর্জাতিক আইন। জাতিসংঘের সমুদ্র আইন সনদ (আনক্লজ) অনুযায়ী হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ। ফলে কেবল দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক নৌচলাচলের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার সুযোগ নেই।
মূলত ওমান এখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক সেতুবন্ধ হিসেবে কাজ করছে। গত ১৭ নভেম্বরের মাস্কাট বৈঠকটি গুরুত্বপূর্ণ হলেও এর অর্থ এই নয় যে মার্কিন পঞ্চম নৌবহর বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা এখনই বিলুপ্ত হতে যাচ্ছে। বরং আগামী দিনের উপসাগরীয় নিরাপত্তা কাঠামো কে নিয়ন্ত্রণ করবে—ওয়াশিংটন, তেহরান নাকি এই অঞ্চলের দেশগুলো—সেই প্রতিযোগিতাই এখন নতুন রূপ নিচ্ছে।





