আদালত জানিয়েছেন, ১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে নয়জনই মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগের পক্ষে রায় দিয়েছেন। কয়েক দশক ধরে নিপীড়নের শিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জনগোষ্ঠীর জন্য মিয়ানমারের বিরুদ্ধে নজিরবিহীন ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন বিচারকেরা।
২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করেছিল গাম্বিয়া। দীর্ঘ নিপীড়নের ধারাবাহিকতায় ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী বড় ধরনের অভিযান শুরু করে। ওই অভিযানের মুখে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নিজেদের বাড়িঘর ও জমিজমা ছেড়ে পালিয়ে মূলত প্রতিবেশী দেশ বাংলাদেশের জরাজীর্ণ শরণার্থীশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। সামরিক অভিযানের শুরুর দিকেই প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বিপজ্জনক পথে নৌকায় করে পালানোর সময় নৌকাডুবিতে প্রাণ হারায় আরও হাজারো মানুষ। মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়াদের হাতে গণহত্যা, নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়েছিল বেঁচে ফেরা রোহিঙ্গারা।
নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে বেঁচে ফেরা রোহিঙ্গা ও গাম্বিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দাঁড়িয়ে রায় শোনার পর মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথিউ স্মিথ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সব মানুষের জন্য এটি এক বিশাল দিন। এই মুহূর্তটির জন্য মানুষ দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছে।’ তিনি আরও বলেন, গণহত্যার পরিকল্পনাকারী ও অপরাধীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টায় এই রায় অত্যন্ত প্রয়োজনীয় গতি জোগাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক শোলা লাওয়ালের এক বিশ্লেষণী প্রতিবেদনে এই রায়ের বিস্তারিত দিক এবং রোহিঙ্গাদের ভবিষ্যতের ওপর এর প্রভাব তুলে ধরা হয়েছে।
আদালত কী রায় দিয়েছেন?
জাপানি বিচারক ও আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার পড়ে শোনানো দীর্ঘ রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, তাদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা ঘটিয়েছে। পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রামগুলো ধ্বংস করে সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং অ-রোহিঙ্গাদের বসতি স্থাপন করানো হয়েছে। সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে এই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাদের অমানুষ ও সহিংস হুমকি হিসেবে চিত্রিত করে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছেন।
আদালত দেখতে পেয়েছেন, বাড়িঘর ধ্বংস করে দেয়ায় যারা পালিয়ে গেছে তাদের ফেরার সুযোগ প্রায় ছিলই না। বিশেষ করে শিশুদের ওপর চালানো নৃশংসতা প্রমাণ করে যে সামরিক বাহিনীর উদ্দেশ্য ছিল এই জনগোষ্ঠীর জন্মহার রোধ করা। তাছাড়া সশস্ত্র বেসামরিক নাগরিক ও সহযোগী মিলিশিয়ারা রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযানে অংশ নিলে গণহত্যার ঝুঁকি তৈরি হবে, তা মিয়ানমারের সামরিক বাহিনী জানত। বিচারক ইওয়াসাওয়া বলেন, ‘এভাবে মিয়ানমার গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’
আইসিজে রায় দিয়েছেন, মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর কখনো ঘটবে না বলে নিশ্চয়তা দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অধিকারকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আদালত মিয়ানমারকে সম্পত্তি প্রত্যর্পণ ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ দিতে হবে, ক্ষতিগ্রস্ত সব সমষ্টিগত সম্পত্তি ফেরত বা প্রতিস্থাপন করতে হবে, নিখোঁজদের সন্ধান ও যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের পাশাপাশি নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। আদালত এখনই আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ না করলেও দুই বছরের মধ্যে এ সংক্রান্ত পরিকল্পনার রূপরেখাসহ প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।
রায়ের পর আইনি প্রতিষ্ঠান ফোলি হোয়াগের অংশীদার এবং গাম্বিয়ার প্রধান কৌঁসুলি আরসালান সুলেমান বলেন, ‘এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে সামরিক বাহিনীর হাতে সহিংসতার শিকার অসংখ্য মানুষের জন্য একটি ঐতিহাসিক জয়। এটি জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বছরের পর বছর ধরে বিচার চেয়ে আসা ভুক্তভোগী ও বেঁচে থাকা মানুষদের সাহস ও ধৈর্যের প্রতি সম্মাননা।’
রায়ের আগে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াউ মিন সাব্বের আল জাজিরাকে বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের ভেতরে ও বাইরে ন্যায়বিচার পাওয়ার এবং নিরাপদে থাকার আশা করছে। তারা আরও আশা করে যে রাখাইন রাজ্যে তাদের আর বাস্তুচ্যুতি ও নির্বিচার হত্যার শিকার হতে হবে না।’
আইসিজে কি মিয়ানমারকে এই রায় মানতে বাধ্য করতে পারে?
আইসিজে সরাসরি নিজেদের রায় কার্যকর করতে পারে না, তবে এই রায়ের ব্যাপক গুরুত্ব রয়েছে। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাতে পারে।
এই রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করতে হয়। এই উদ্দেশ্য প্রমাণ করা অত্যন্ত কঠিন হওয়ায় আইসিজে আগে কখনোই কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করতে পারেনি। উদাহরণস্বরূপ, ২০০৭ সালে আদালত রায় দিয়েছিলেন যে স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর চালানো গণহত্যা ঠেকাতে বা শাস্তি দিতে ব্যর্থ হয়ে সার্বিয়া কনভেনশন লঙ্ঘন করেছে, কিন্তু রাষ্ট্র নিজে গণহত্যা চালায়নি; যদিও জাতিসংঘের ট্রাইব্যুনাল ব্যক্তিবিশেষকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছিল। বৃহস্পতিবারের এই রায় গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রোহিঙ্গা কারা?
রোহিঙ্গারা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি জাতিগোষ্ঠী, যাদের প্রধান বসবাস বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে। ২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুতির আগে মিয়ানমারে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা ছিল, যা দেশটির ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে একটি সংখ্যালঘু অংশ। এছাড়া ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
রোহিঙ্গারা নিজেদের মিয়ানমারের আদি বাসিন্দা হিসেবে পরিচয় দিলেও এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করলেও দেশটির সরকার তাদের স্বীকৃতি দেয় না। মিয়ানমার সরকার তাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে দাবি করে। ১৯৮২ সালে দেশটির কর্তৃপক্ষ এমন এক নাগরিকত্ব আইন পাস করে, যা কার্যত বেশির ভাগ রোহিঙ্গাকে রাষ্ট্রহীন করে ফেলে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অং সান সু চির বেসামরিক নেতৃত্বাধীন প্রশাসনসহ মিয়ানমারের ধারাবাহিক সরকারগুলো রোহিঙ্গাদের একঘরে করে রেখেছে।
২০১৩ সালে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) গঠিত হয়। ২০১৭ সালের শেষ দিকে আরসা পুলিশ চৌকিতে হামলা চালালে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী বিশাল পাল্টা অভিযান শুরু করে। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, সামরিক বাহিনী পুরুষদের গুলি করে হত্যা করে, নারীদের ধর্ষণ করে, শিশুদের আগুনে ছুড়ে ফেলে এবং রোহিঙ্গা গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ২০১৯ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন সিদ্ধান্তে পৌঁছায় যে তাতমাদো পুরুষ, নারী ও শিশুদের দলবদ্ধ ধর্ষণ করেছে এবং গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে।
ওই সহিংসতার মুখে কয়েক মাসের মধ্যে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে, আর মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়ে গেছে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা। বাংলাদেশ চায় তারা মিয়ানমারে ফিরে যাক। এদিকে বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা সহায়তার পরিমাণ কমে গেছে। বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বৈদেশিক সহায়তা খাতে বরাদ্দ ছাঁটাই করায় এই সংকট আরও বেড়েছে।
গাম্বিয়ার যুক্তি কী ছিল?
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া মিয়ানমারকে দ্য হেগের আদালতে নিয়ে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া নিজেও স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর দীর্ঘ নিপীড়ন থেকে সবে বেরিয়ে এসেছিল। ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবী দল যুক্তি দেয় যে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে।
পরবর্তীতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি সে সময় সশরীরে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার দাবিকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে রোহিঙ্গা গণহত্যা ঠেকাতে মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন, যাকে সু চির জন্য চরম তিরস্কার হিসেবে বর্ণনা করেছিলেন বিশেষজ্ঞরা। কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য—এই ১১টি দেশ মামলাটিতে সমর্থন দিতে আবেদন করে।
২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত শুনানিতে গাম্বিয়ার বর্তমান বিচারমন্ত্রী দাউদা এ জ্যালোর নেতৃত্বাধীন দলটি পুনরায় তুলে ধরে যে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়েই রোহিঙ্গাদের ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে। গাম্বিয়া আদালতের কাছে বেঁচে থাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়া, দোষীদের বিচার করা এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার আদেশ চায়। অন্যদিকে ২০১৭ সালের দমন-পীড়নের নেতৃত্বে থাকা এবং ২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন মিয়ানমার সরকার অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি ছিল, সশস্ত্র হামলার জবাবে সামরিক বাহিনী কেবল নির্মূল অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছিল।
রোহিঙ্গাদের জন্য এই রায়ের অর্থ কী?
বেঁচে ফেরা রোহিঙ্গা ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, কয়েক দশকের ভোগান্তির পর এই রায় তাদের দাবির সত্যতা প্রমাণ করেছে। এটি সর্বোচ্চ পর্যায়ে বিচার ও জবাবদিহির আইনি ভিত্তি তৈরি করেছে, যা রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ বাড়িতে ফেরা এবং অবশেষে মিয়ানমার রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার পথ খুলে দিতে পারে।
ম্যাথিউ স্মিথ বলেন, ক্ষতিপূরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আদালতের এই রায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিস্তারিত আলোচনার ভিত্তি দিয়েছে। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ অবশ্যই ব্যাপক, অর্থবহ হতে হবে এবং বেঁচে থাকা রোহিঙ্গাদের মতামতের ভিত্তিতেই তা নির্ধারণ করতে হবে।’ এটিকে সাধারণ ত্রাণ বা মানবিক সহায়তার সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না এবং অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমেই তা আসতে হবে বলে জানান তিনি।
স্মিথ বলেন, এই পরিকল্পনায় বিপুল ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ, বাজেয়াপ্ত জমি ও সম্পত্তি ফেরত, নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহাল এবং নিরাপদ প্রত্যাবাসন, চিকিৎসা, মানসিক আঘাত থেকে সেরে ওঠার সহায়তা, শিক্ষা ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও বলেন, ‘কোনো অর্থই গণহত্যার ক্ষতি ফিরিয়ে দিতে পারে না। তবে অর্থবহ ক্ষতিপূরণ প্রজন্মের পর প্রজন্ম ধরে অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত মানুষদের কাছে এই তিনটি বিষয়ই কিছুটা ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।’
রোহিঙ্গারা কি নিরাপদে মিয়ানমারে ফিরতে পারবে?
এই বিষয়টি অত্যন্ত অনিশ্চিত। মিয়ানমারে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে, যা সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশজুড়ে শুরু হওয়া গৃহযুদ্ধে আনুমানিক ১ লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যকার লড়াই পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, তারা বাংলাদেশে থাকা ৩ লাখের বেশি শরণার্থীকে যাচাই-বাছাই করে প্রত্যাবাসনের জন্য নিবন্ধন করেছে, তবে রাখাইনে নিরাপত্তা ফিরে এলেই কেবল এই প্রক্রিয়া শুরু হতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার রায়ের আগে আল জাজিরাকে বলেন, গণহত্যার এই রায় রোহিঙ্গাদের ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও স্বল্প মেয়াদে তাদের জন্য খুব বেশি কিছু করতে পারবে না। তিনি বলেন, ‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি অচিরেই তা বাস্তবায়নের অনুকূলে নেই।’
এরপর কী ঘটবে?
সবার নজর এখন মিয়ানমার আদৌ আইসিজের রায় বাস্তবায়ন করে কি না কিংবা কীভাবে করে এবং ২০২৮ সালের নভেম্বরের সময়সীমার মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দেয় কি না, তার ওপর। কিয়াউ মিন সাব্বের বলেন, সেনাবাহিনী ও আরাকান আর্মির চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে রোহিঙ্গাদের সমর্থনকারী দেশগুলো যাতে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বজায় রাখে, সেটিই চান ভুক্তভোগীরা।
তিনি বলেন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালসহ যেসব দেশে রোহিঙ্গা শরণার্থীরা দুর্ব্যবহার, নির্বিচার আটক ও বিতাড়নের ভয়ে দিন কাটাচ্ছে, তাদের সুরক্ষা ও ন্যায়বিচারের প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে গাম্বিয়া, ওআইসি এবং মামলাটিতে সমর্থন দেয়া সব দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সাব্বের বলেন, ‘তাদের এই প্রতিশ্রুতি আদালতের কার্যক্রমের বাইরেও বিস্তৃত হওয়া উচিত এবং রোহিঙ্গারা পূর্ণ সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিরাপদে মিয়ানমারে না ফেরা পর্যন্ত তা অব্যাহত থাকা উচিত।’
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





