তহবিল ঘাটতিতে আগামী বছর বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা কমছে, নতুন খাদ্যসংকটের শঙ্কা

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের দামবোয়ার ডব্লিউএফপি কেন্দ্রে সহায়তা নিতে মানুষের সারি
বিদেশে এখন
1

ইউক্রেন যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতির মতোই বড় ধরনের বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকা সত্ত্বেও তহবিল ঘাটতির কারণে আগামী বছর কম মানুষকে খাদ্যসহায়তা দেয়ার পরিকল্পনা করেছে জাতিসংঘের খাদ্য সংস্থা। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মাস থেকে মার্কিন নাগরিক লুক লিন্ডবার্গের নেতৃত্বে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২৭ সালে বিশ্বজুড়ে ৯ কোটি ১০ লাখ মানুষকে সহায়তা দেয়ার জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে। ২০২৬ সালে সংস্থাটির লক্ষ্যমাত্রা ছিল ১১ কোটি মানুষকে সহায়তা দেয়া, যা আগামী বছরের জন্য কমিয়ে আনা হয়েছে।

ইরান সংঘাতের কারণে খাদ্য ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে কৃষি খাত হুমকির মুখে পড়ায় যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো জায়গায় দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে রয়েছে। ডব্লিউএফপির নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মাত্র এক-তৃতীয়াংশ সহায়তার আওতায় আসবে।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএফপির পরিচালক লরা টার্নার বলেন, ‘তহবিল ঘাটতি আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।’ তিনি জানান, ২০২৬ সালের জন্য সংস্থাটির চাওয়া ১ হাজার ৩০০ কোটি ডলার তহবিলের মাত্র অর্ধেক পাওয়া গেছে।

ডব্লিউএফপির আরেক কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, ২০২৭ সালে নতুন করে খাদ্যসংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে এবং সংস্থাটি কেবল সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের দিকেই মনোযোগ দিতে বাধ্য হবে।

করোনাভাইরাস মহামারি এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে ডব্লিউএফপির কর্মকর্তা ম্যাথিউ হলিংওয়ার্থ বলেন, ‘আমরা সম্ভবত খুব শিগগির ছয় বছরের মধ্যে তৃতীয় বৈশ্বিক খাদ্যসংকটের মুখোমুখি হতে যাচ্ছি।’

এএম