নতুন সম্পর্ক শুরু ও পুনর্গঠন সহায়তার আশায় ভারত সফরে বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বিদেশে এখন
0

নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের প্রতিনিধি ও দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন। ৩৬ বছর বয়সী সাবেক এই র‍্যাপার ও রাজনীতিবিদ দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছাবেন। হিমালয়কন্যার নতুন নেতৃত্বের সঙ্গে বিশাল প্রতিবেশী ভারতের প্রথম উচ্চপর্যায়ের এই বৈঠক ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন সূচনার আশা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদনে বালেন্দ্র শাহর এই সফরের গুরুত্ব ও চ্যালেঞ্জগুলো উঠে এসেছে।

দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্মের অভ্যুত্থানে কে পি শর্মা অলির সরকারের পতনের ছয় মাস পর গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে বালেন্দ্র শাহর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম এক বছর বিদেশে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু গত আগস্টে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং হাজারো মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় সেই হিসাব-নিকাশ বদলে গেছে।

ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বালেন্দ্র শাহ। আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং আগস্টের বিধ্বংসী বন্যার পর নেপালের জন্য পুনর্গঠন সহায়তা প্যাকেজের মতো নানা বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। নেপাল সরকারের হিসাব অনুযায়ী, এই পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে, যেখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি প্রত্যাশার চেয়ে অনেক কম।

অতীতের তিক্ততা ঝেড়ে নতুন শুরুর আশা
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের (১ হাজার ৮০ মাইল) বেশি দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে গভীর জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে একটি বাফার রাষ্ট্র এবং বিশ্লেষকদের মতে, দেশটির স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। তবে কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির বিরুদ্ধে নেপালিদের অনেকের মধ্যে থাকা বড় ভাইসুলভ আচরণের ক্ষোভ ঘিরে সম্পর্কে টানাপোড়েন চলেছে।

তবুও বিশ্লেষকেরা বালেন্দ্র শাহর এই সফরকে সম্পর্ক নতুন করে সাজানোর সুযোগ হিসেবে দেখছেন। নেপালে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বিবিসিকে বলেন, ‘নেপালের নতুন নেতৃত্ব বলছে যে তাদের কাঁধে অতীতের রাজনৈতিক বোঝা নেই এবং তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের দিকে মনোযোগ দিতে চায়। তাদের মধ্যে আদর্শিক অবস্থানের চেয়ে বাস্তববাদী মনোভাব বেশি দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি একটি আশাব্যঞ্জক মুহূর্ত।’

২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর থেকে দেশটির শাসনক্ষমতায় তিনটি রাজনৈতিক দলের আধিপত্য ছিল—কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী কেন্দ্র)। দিল্লি এই তিন দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিল। তবে আদর্শিক কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো এবং অসম দ্বিপক্ষীয় চুক্তির অভিযোগ তুলে তারা প্রায়ই দিল্লির সমালোচনা করত। নেপালের কৌশলগত অবস্থানের কারণে কাঠমান্ডুতে প্রভাব বিস্তারে দিল্লি ও বেইজিংয়ের প্রতিযোগিতা রয়েছে, যা থেকে এশিয়ার এই দুই পরাশক্তির বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ ওঠে।

বাণিজ্য, জলবিদ্যুৎ ও বাংলাদেশের প্রসঙ্গ
কূটনীতি ও কৌশলগত স্বার্থের বাইরেও ভারত ও নেপালের মানুষের মধ্যে প্রতিদিনই সীমান্তের দুই পারে যোগাযোগ ঘটে। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি, যার পাল্লা ভারতের দিকেই ভারী। এটি কাঠমান্ডুর দীর্ঘদিনের ক্ষোভের একটি কারণ। পেট্রোলিয়াম পণ্য ও বেশ কিছু খাদ্যশস্যের জন্য নেপাল ভারতের ওপর নির্ভরশীল এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের প্রধান ট্রানজিট পথও ভারত। ২০১৫ সালের ভূমিকম্প এবং চলতি বছরের আগস্টের বন্যার মতো বড় প্রাকৃতিক দুর্যোগে নেপালকে সবার আগে সহায়তা করা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।

দুই দেশের সহযোগিতার একটি বড় ক্ষেত্র হলো জলবিদ্যুৎ। নেপাল থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত এবং এর পরিমাণ আরও বাড়াতে চায়। সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বলেন, ‘ভারতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে আর পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে নেপালের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। এটি কেবল দ্বিপক্ষীয় বিষয় নয়, ভারতের ওপর দিয়ে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করে নেপাল।’

সীমান্ত বিরোধ, আকাশপথ ও চীনের সমীকরণ
ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও দুই দেশের মধ্যে বেশ কিছু মতপার্থক্য রয়েছে। ২০১৯ সালে চীন সীমান্তের কাছে নেপালের পশ্চিমাঞ্চলের দাবি করা কিছু এলাকা নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ভারত। এর জবাবে নেপালও ওই বিরোধপূর্ণ এলাকাগুলো যুক্ত করে নিজস্ব মানচিত্র প্রকাশ করলে কূটনৈতিক বিরোধ তীব্র হয়। নেপালের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, ‘আমি আশা করি নেপালের প্রধানমন্ত্রী এবার দিল্লির কাছে সীমান্ত ইস্যুটি তুলবেন। তাৎক্ষণিক সমাধান হয়তো হবে না, তবে সমস্যাটি মেটাতে তাদের আলোচনা শুরু করা উচিত।’

এছাড়া গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর কাছে ভৈরহাওয়া এবং পর্যটন শহর পোখারায় নির্মিত নতুন বিমানবন্দরগুলোতে পশ্চিমাঞ্চল দিয়ে বড় উড়োজাহাজ চলাচলের জন্য ভারতের কাছে দীর্ঘদিন ধরে অতিরিক্ত আকাশপথ চেয়ে আসছে নেপাল। ভারতের আকাশসীমা ব্যবহারের সুযোগ পেলে ফ্লাইটের সময় ও খরচ কমবে এবং বিমানবন্দর দুটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে। তবে ভৈরহাওয়ার গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরটি চীনের নর্থওয়েস্ট সিভিল অ্যাভিয়েশন এয়ারপোর্ট নির্মাণ করায় এবং পোখারা বিমানবন্দরটি চীনের আর্থিক সহায়তায় তৈরি হওয়ায় দিল্লি এ বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে বলে নেপালের অনেকের ধারণা।

বালেন্দ্র শাহ এখনো বেইজিং সফরের উদ্যোগ না নিলেও ভারত সফরের ঠিক আগে দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে ১৫ নভেম্বর থেকে ১১ দিনের সফরে নিজ দলের সংসদ সদস্যদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে পাঠিয়েছেন।

অভ্যন্তরীণ সমালোচনা ও কূটনৈতিক পরীক্ষা
নেপালের কিছু পর্যবেক্ষকের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভারত সফরের জন্য বালেন্দ্র শাহর প্রস্তুতি যথেষ্ট পোক্ত নয়। বিশ্লেষক কনক মণি দীক্ষিত বলেন, ‘প্রধানমন্ত্রী শাহ এবং তার উপদেষ্টারা তরুণ ও নতুন, কিন্তু তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। দেশ পরিচালনায় তারা বারবার গাম্ভীর্যের অভাব দেখিয়েছেন, যা অত্যন্ত শক্তিশালী একটি প্রতিবেশীর সঙ্গে কূটনীতির জন্য অপরিহার্য।’

সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কারণে দেশের ভেতরেও সমালোচনার মুখে পড়েছেন বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ না মানার কথিত অভিযোগে পুলিশপ্রধান দান বাহাদুরকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের আটক করতে কয়েকটি সংবাদমাধ্যম কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে, যা নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা হরণের অভিযোগ উঠেছে। ফলে দিল্লি থেকে আর্থিক সহায়তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ও দৃশ্যমান সাফল্য নিয়ে দেশে ফিরতে পারাই হবে বালেন্দ্র শাহর আসল পরীক্ষা, যা তার সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ সমালোচনা সামাল দিতে সাহায্য করতে পারে।

এএম