ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু, উৎপাদন বন্ধ

বাসরার উত্তরে হার্থা বিদ্যুৎকেন্দ্রে আগুনের স্থানে দমকলকর্মী ও শ্রমিকেরা
বিদেশে এখন
0

দক্ষিণ ইরাকের বসরায় একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) আজ শনিবার জানিয়েছে, হারথা বিদ্যুৎকেন্দ্র এবং আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। অগ্নিকাণ্ডের পর ৮০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে এবং পুড়ে যাওয়া বেশ কিছু গাড়ি দেখা গেছে। এছাড়া জরুরি উদ্ধার তৎপরতা দেখতে সেখানে ভিড় করা মানুষের উপস্থিতিও নজরে এসেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কয়েক দশক ধরে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই ধুঁকছে। বিশেষ করে গ্রীষ্মের তীব্র গরমের মাসগুলোতে দেশটির বিদ্যুৎ খাত সর্বোচ্চ চাহিদা মেটাতে হিমশিম খায়। এর আগেও বিভিন্ন উপকেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া ও ব্যাপক লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

এএম