জিটিএ সিক্সের অপরাধ কেবল গেমের ভেতরেই রাখার আহ্বান মার্কিন পুলিশের

বহুতল ভবনের গায়ে টাঙানো ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বিলবোর্ড
বিদেশে এখন
0

বহু প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স) ঘিরে ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছানোর মধ্যে গেমটির কাল্পনিক অপরাধজগৎকে বাস্তব জীবনের আচরণের সঙ্গে গুলিয়ে না ফেলতে খেলোয়াড়দের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ছলে দেয়া এসব বার্তায় পুলিশ বিভাগগুলো খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে যে গাড়ি চুরি, রাস্তায় গাড়ির প্রতিযোগিতা, বেপরোয়া গাড়ি চালানো এবং সহিংসতা বাস্তব জীবনে দণ্ডনীয় অপরাধ।

আটলান্টা পুলিশ বিভাগ এক বার্তায় বলেছে, ‘জিটিএ বাস্তব কোনো জায়গা নয়, কিন্তু আটলান্টা বাস্তব!’ ভার্চ্যুয়াল বিনোদনকে বাস্তব জীবনের সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে না ফেলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছে, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং, গাড়ি চুরি ও সহিংসতার বাস্তব পরিণতি রয়েছে। এসব গেমের ভেতরেই রাখুন। আমাদের রাস্তায় নিয়ে আসবেন না।’

কলোরাডোর অরোরা পুলিশ বিভাগ গেমটির কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার সঙ্গে তাদের অঙ্গরাজ্যের পার্থক্য তুলে ধরে খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে যে গাড়ি চুরি, দোকানে ডাকাতি ও হামলা এখনো ফৌজদারি অপরাধ। রসিকতা করে তারা বলেছে, গেমের মতো বাস্তব জগতে পুলিশ ছয় তারকা বা সিক্স-স্টার ওয়ান্টেড লেভেল পদ্ধতিতে কাজ করে না; বাস্তবে এক তারকা পেলেই হাতকড়া পরতে হতে পারে।

একইভাবে কলোরাডোর ডেনভার পুলিশ গাড়ি চুরি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পালিয়ে যাওয়া অবৈধ উল্লেখ করে এ ধরনের সব কর্মকাণ্ড গেমের ভেতরেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ‘সোফায় বসে জিটিএ সিক্স খেলাকে দারুণভাবে উৎসাহিত করা হচ্ছে। বাস্তবের রাস্তা আমরা সামলাব, আপনারা ভার্চ্যুয়াল রাস্তা সামলান।’

ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি পুলিশ বিভাগও এই ধারায় যুক্ত হয়ে স্থানীয় সড়কগুলোকে রেসট্র্যাক না ভাবতে কিংবা পুলিশের গাড়ি চুরির চেষ্টা না করতে সতর্ক করেছে। তারা মনে করিয়ে দিয়েছে যে বাস্তব জীবনে পুনর্জন্ম বা ‘রিস্পন’ বাটন বলে কিছু নেই এবং প্রতিটি সিদ্ধান্তেরই বাস্তব পরিণতি রয়েছে। অন্যদিকে টেক্সাসের সান জুয়ান পুলিশ বিভাগ বলেছে, ‘জিটিএ সিক্সে যা ঘটে, তা জিটিএ সিক্সেই থাকুক।’ কাল্পনিক অপরাধমূলক কর্মকাণ্ড নিজের এলাকায় না এনে গেমটি উপভোগ করতে খেলোয়াড়দের উৎসাহিত করেছে তারা।

রকস্টার গেমসের তৈরি জিটিএ সিক্স গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর বিপুল বাণিজ্যিক সাড়া ফেলার প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে এসব সতর্কবার্তা দেয়া হলো। বাজার বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, আগাম ফরমাশ (প্রি-অর্ডার) ও মুক্তির প্রথম দিনের বিক্রি থেকে গেমটি ২৩৬ কোটি ডলার আয় করেছে এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত এর ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি বিক্রি হয়েছে।

রকস্টার গেমস এবং এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ এখনো আনুষ্ঠানিকভাবে বিক্রির পরিসংখ্যান প্রকাশ না করলেও গেমটির চাহিদাকে ‘নজিরবিহীন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এসে খেলা যাচ্ছে জিটিএ সিক্স। ২০১৩ সালে গ্র্যান্ড থেফট অটো ফাইভ মুক্তির পর এটিই এই সিরিজের প্রথম মূল পর্ব, যার মধ্য দিয়ে ভক্তদের দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটল।

এএম