গত জুনে স্পেসএক্সের আইপিও থেকে ফি বাবদ ৫০ কোটি ডলার আয় করেছিল ব্যাংকগুলো। সে সময় মাসের পর মাস চলা প্রক্রিয়াটি স্পেসএক্স যেভাবে কঠোর নিয়ন্ত্রণে রেখেছিল এবং আর্থিক ও অন্যান্য তথ্য গোপন রেখেছিল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন উপদেষ্টারা। অভ্যন্তরীণভাবে প্রজেক্ট ল্যান্টার্ন নামে পরিচিত অ্যানথ্রোপিকের আইপিও বৃহস্পতিবার স্পেসএক্সের রেকর্ডকেও ছাড়িয়ে যায় এবং এখান থেকেও ব্যাংকাররা ৫০ কোটি ডলারের বেশি ফি পান। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত সময়সীমা, শেষ মুহূর্তের পরিবর্তন, আর্থিক প্রাক্কলন দিতে বিলম্ব, তাড়াহুড়ো করে নথির অনুমোদন এবং ব্যাংকারদের ওপর নজিরবিহীন বিধিনিষেধের কারণে পুরো প্রক্রিয়াটি জটিল হয়ে উঠেছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মূলত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই এমন কড়াকড়ি আরোপ করা হয়। বিশেষ করে ফরম এস-১ নামের খসড়া আইপিও নথি প্রকাশ্যে আসার প্রায় চার সপ্তাহ আগেই রয়টার্স এর আর্থিক হিসাব ও ঝুঁকিসহ অনেক বিস্তারিত তথ্য প্রকাশ করে দেয়ার পর অ্যানথ্রোপিক আরও সতর্ক হয়ে ওঠে। উদাহরণ হিসেবে বলা যায়, আইপিওর দায়িত্বে থাকা ২২টি আন্ডাররাইটার প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি ব্যাংককে অ্যানথ্রোপিক নির্দেশ দেয় যেন এই প্রক্রিয়ায় চারজনের বেশি ব্যাংকার যুক্ত না থাকেন এবং তারা যেন জ্যেষ্ঠ কর্মকর্তা হন। অবশ্য ব্যাংকগুলো শেষ পর্যন্ত বিকল্প উপায়ে নিজেদের কাজ সেরে নেয়।
অ্যানথ্রোপিকের এই অতিসতর্কতার আরেকটি বড় উদাহরণ ছিল প্রতিযোগীদের সঙ্গে কাজ করার ওপর নিষেধাজ্ঞা। সূত্র জানায়, আইপিওতে কাজ করা ব্যাংকগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি আইনি চুক্তিতে সই করতে বলেছিল অ্যানথ্রোপিক। শর্ত ছিল, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ছয় মাস পর্যন্ত সংশ্লিষ্ট দলের মূল সদস্যরা ওপেনএআই, কার্সর, ডিপসিক ও হাগিং ফেসের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে পারবেন না। ব্যাংকগুলো সাধারণত স্বার্থের সংঘাত ও গোপনীয়তা রক্ষা করলেও ব্যক্তিপর্যায়ে ব্যাংকারদের ওপর এত বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের ঘটনা বিরল। অতীতে উবার ও লিফট কিংবা ট্রুলিয়া ও জিলোর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের আইপিওর আকার ছোট হওয়ায় ব্যাংকগুলো যেকোনো একটি পক্ষ বেছে নিতে পারত। কিন্তু বিপুল মূলধন তোলার জন্য অ্যানথ্রোপিকের অনেকগুলো ব্যাংকের সমন্বয়ে বড় সিন্ডিকেট প্রয়োজন ছিল বলেই তারা ব্যাংকারদের ওপর এই শর্ত চাপিয়ে দেয়। চুক্তিতে সই করতে রাজি না হওয়া একজন ব্যাংকার জানান, ওই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোরও নিজস্ব শেয়ার ছাড়ার পরিকল্পনা থাকায় তাদের সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি দেয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল।
তথ্য ফাঁস ঠেকাতে সাধারণ পিডিএফ ফাইলের বদলে নেটরোডশো নামের একটি বিশেষ প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যানথ্রোপিক। এতে কে কোন নথির কোন পৃষ্ঠা দেখছেন, তার হিসাব থাকে এবং প্রতিটি পাতায় সংশ্লিষ্ট ব্যাংকারের নাম জলছাপ হিসেবে দেয়া থাকে। এমনকি নথিগুলো সংরক্ষণ করে রাখারও সুযোগ ছিল না, যা ব্যাংকারদের কাজকে আরও কঠিন করে তোলে। এর মধ্যে গত ১০ নভেম্বর শেয়ারের মূল্যসীমা নির্ধারণ করে বিপণন শুরুর আগের রাতে ঘটে আরেক বিপত্তি। চুক্তির সঙ্গে যুক্ত একটি আইনি প্রতিষ্ঠান কানাডায় শেয়ার বিক্রি সংক্রান্ত একটি পিডিএফ ব্যাংকগুলোতে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পরই আরেকটি ইমেইল পাঠিয়ে সেটি বাতিল করতে বলা হয় এবং জানানো হয় যে সেখানে ভুল মূল্যসীমা ও শেয়ারের তথ্য রয়েছে। এরপর নিউ ইয়র্ক সময় রাত দুইটার দিকে নেটরোডশো প্ল্যাটফর্মে সংশোধিত এস-১এ নথিটি পাঠানো হয় এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়ার আগে ব্যাংকগুলোকে তা অনুমোদনের জন্য মাত্র কয়েক ঘণ্টা সময় দেয়া হয়।
ব্যাংকারদের এসব অভিযোগের মূলে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ও ওয়াল স্ট্রিটের মধ্যকার ক্ষমতার নতুন ভারসাম্য। এআই প্রযুক্তির বিপুল সম্ভাবনার কারণে স্পেসএক্স, অ্যানথ্রোপিক এবং ভবিষ্যতে হয়তো ওপেনএআইয়ের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র চাহিদা তৈরি হয়েছে। এই সুযোগে প্রতিষ্ঠানগুলো নিজেদের শর্তে কাজ করাচ্ছে এবং ব্যাংকগুলোও তা মেনে নিতে বাধ্য হচ্ছে। স্পেসএক্সের ক্ষেত্রেও মাস্কের দল গোল্ডম্যান স্যাক্স ও মরগান স্ট্যানলির মতো শীর্ষ ব্যাংকগুলোকে বলে দিয়েছিল কার কাছে এবং কত শত কোটি ডলারের শেয়ার বিক্রি করতে হবে। এমনকি কত পারিশ্রমিক দেয়া হবে, তা না জেনেই ব্যাংকগুলো চুক্তিতে সই করেছিল। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জে রিটার বলেন, ‘আন্ডাররাইটারদের কাছে নিজেদের শর্ত চাপিয়ে দেয়ার মতো বাজারক্ষমতা এসব প্রতিষ্ঠানের অবশ্যই ছিল। তবে এই দুটি চুক্তির পর ওপেনএআই ছাড়া অন্য সবার ক্ষেত্রে ওয়াল স্ট্রিটের বড় প্রতিষ্ঠানগুলো সম্ভবত আগের নিয়মেই কাজ করবে।’ তিনি জানান, স্পেসএক্স ও অ্যানথ্রোপিক উভয়ই গ্রিনশু অপশনের আওতায় অতিরিক্ত শেয়ার বিক্রির ওপর আন্ডাররাইটারদের কোনো ফি না দেয়ার শর্ত আদায় করে নিয়েছে।
অবশ্য এআইয়ের চাহিদার কারণে উভয় প্রতিষ্ঠানের আইপিওতেই লক্ষ্যমাত্রার চেয়ে বহুগুণ বেশি আবেদন জমা পড়েছিল। তবে তালিকাভুক্তির পর দুই প্রতিষ্ঠানের শেয়ারের গতিপথ ছিল ভিন্ন। স্পেসএক্সের শেয়ার ১৬ জুন সর্বোচ্চ ২০১ দশমিক ৮০ ডলারে উঠলেও জুলাইয়ের মাঝামাঝি সময়ে তা ১৩৫ ডলারের আইপিও মূল্যের নিচে নেমে যায়। অন্যদিকে প্রথম দিনে ১৭ শতাংশ বাড়ার পর শুক্রবার এআই খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের ধাক্কায় অ্যানথ্রোপিকের শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৫ শতাংশ। এ বিষয়ে অ্যানথ্রোপিক এবং দুটি আইপিওর প্রধান আন্ডাররাইটার গোল্ডম্যান স্যাক্স ও মরগান স্ট্যানলি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। স্পেসএক্স ও ওপেনএআইও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।





