‘ও আমার চেয়ে বাচ্চাকে বেশি ভালোবাসে’, লেভিটকে নিয়ে ট্রাম্পের রসিকতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
বিদেশে এখন
0

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কাজের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পরিবারকে সময় দিতে লেভিটের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প রসিকতা করে বলেছেন, তার চেয়ে নিজের সন্তানকেই বেশি ভালোবাসেন লেভিট। সাবেক এই মুখপাত্রের মতো দক্ষ একজনের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হওয়ায় তাকে একটি ‘বড় সমস্যা’ বলেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজের স্যাটারডে ইন আমেরিকা অনুষ্ঠানে সঞ্চালক কেলি ম্যাকএন্যানির সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। মুখপাত্র হিসেবে লেভিটের মতো পারদর্শী কাউকে খুঁজে পাওয়ার জটিলতা বোঝাতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অসাধারণ ছিল; সে একটা সমস্যা। সে একটা বড় সমস্যা। আমি তাকে সে কথা বলেছিও।’

লেভিটের বিদায়ে প্রশাসন কেন চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার ব্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘সে এত ভালো কাজ করত। ওই জায়গায় এখন কাকে বসানো যায়, বলুন তো? সে দারুণভাবে কথা বলত।’ ফক্স নিউজের সঙ্গে লেভিটের নতুন পথচলার প্রশংসা করে ট্রাম্প বলেন, এই টিভি চ্যানেলে তিনি পরিচিত মুখ হয়ে উঠবেন। ট্রাম্প বলেন, ‘সে আমার চেয়ে তার বাচ্চাকে বেশি ভালোবাসে, এটা খুবই খারাপ কথা, তবে সে দারুণ আছে। এখন সে ফক্সের সঙ্গে যুক্ত হয়েছে। সে একজন তারকা হতে যাচ্ছে।’

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট ছিলেন হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১ মে লেভিটের দ্বিতীয় সন্তান ও কন্যা ভিভিয়ানার জন্ম হয়। মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি কাজে ফিরেছিলেন। তবে এমন গুরুত্বপূর্ণ পদের সার্বক্ষণিক চাপের কারণে দুই ছোট সন্তানকে প্রাপ্য সময় দেয়া সম্ভব হচ্ছে না জানিয়ে গত আগস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের ‘সবচেয়ে তৃপ্তিদায়ক অথচ চ্যালেঞ্জিং সময়’ বলে বর্ণনা করেছিলেন। পরিবারকে অগ্রাধিকার দেয়ার এই সিদ্ধান্তকে সে সময় সম্মান জানিয়েছিলেন ট্রাম্প। এরপর নভেম্বর থেকে ফক্স নিউজের কন্ট্রিবিউটর হিসেবে নতুন ভূমিকা শুরু করেন লেভিট।

লেভিটের উত্তরসূরি খুঁজে পাওয়া অবশ্য হোয়াইট হাউসের জন্য সহজ হয়নি। গত অক্টোবরে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়াকে তার স্থলাভিষিক্ত করেছিলেন ট্রাম্প। কিন্তু পেশাগত পটভূমি নিয়ে সমালোচনা ও প্রশ্নের মুখে মাত্র পাঁচ দিনের মাথায় তার মেয়াদ শেষ হয়। সিবিএস নিউজ জানায়, গত ১৬ অক্টোবর দুই মার্কিন কর্মকর্তা জাকারিয়ার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন। ফক্স নিউজের অনুষ্ঠানে ট্রাম্প জানান, পদটির জন্য প্রায় ১০০ জন আগ্রহী থাকলেও লেভিটের উপযুক্ত বিকল্প খুঁজে পাওয়া সহজ হচ্ছে না।

এএম