গতকাল (শনিবার, ২১ নভেম্বর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ৮০১-এ ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে এনএসইউর এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস। সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (এনএসইউ ইয়েস!)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এম. এ. কাশেম। সেশন চেয়ার ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
আলোচনায় দেশ থেকে পুঁজি বাইরে চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট এবং দেশিয় বিনিয়োগে স্থবিরতার বিষয়গুলো উঠে আসে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো ও নতুন বিনিয়োগ উৎসাহিত করতে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় স্থান পায়।
সেমিনারে উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ ক্ষেত্রে ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসব উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার কথা বলেন বক্তারা।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা দেশের অর্থনীতি ও করপোরেট খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন। আলোচনায় উঠে আসে শিক্ষার সঙ্গে শিল্প খাতের চাহিদার অসামঞ্জস্য, কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপ।
এছাড়া তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণ, এলডিসি থেকে উত্তরণের পর স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্বনীতির প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে প্রণোদনার বিষয়টিও উঠে আসে।
প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন এনএসইউর হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ. জে. মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সাবেক সিনিয়র সচিব ড. মো. মোখলেছ উর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ. কে. এম. আতিকুর রহমান। সূচনা বক্তব্য দেন এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার এবং হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার মির্জা এম. ফেরদৌস।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকার, শিক্ষাঙ্গন ও করপোরেট খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের চ্যালেঞ্জ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা তৈরিতে সহায়ক হবে।





