পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেয়া হবে না: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ জন্য প্রয়োজনে নতুন আইন করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের বয়স্ক গরুর দেখভাল ও চিকিৎসার জন্য বছরে এক লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) কলকাতার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গে গোমাতা জবাই করতে দেব না। গোমাতার ওপর কাউকে হাত তুলতে দেব না। এ বিষয়ে আমাদের সরকারের কঠোর অবস্থান রয়েছে।’

তিনি জানান, রাজ্যে ১৯৫০ সালের ‘পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন’ কার্যকর রয়েছে। আইনটির বিভিন্ন বিধান পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে এ বিষয়ে নতুন বিল এনে আইন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ১৯৫০ সালের আইনে কোন ধরনের পশু জবাই করা যাবে, আর কোনটি যাবে না, তা স্পষ্টভাবে বলা আছে। এছাড়া কলকাতা হাইকোর্টের একটি নির্দেশনাও রয়েছে। সরকারের নীতিগত অবস্থানও এ বিষয়ে স্পষ্ট।

তবে বৈধ কসাইখানায় নিয়ম মেনে পশু জবাই এবং প্রকাশ্যে গরু জবাই করাকে এক বিষয় হিসেবে দেখছেন না শুভেন্দু। তার ভাষ্য, কসাইখানাগুলোতে নিয়ম মেনেই পশু জবাই করা হয়। সেখানে প্রকাশ্যে গরু জবাই করা হয় না।

পশ্চিমবঙ্গে ভবিষ্যতে গরুর মাংস পাওয়া যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হবে, তা সাংবাদিকদের ব্যাপার। তবে রাজ্যে গরু হত্যা করতে দেয়া হবে না।

আরও পড়ুন:

গরু পাচার ও প্রকাশ্যে গরুর মাংস বিক্রির অভিযোগে খড়্গপুর ও বারুইপুরে ব্যবস্থা নেয়ার উদাহরণ তুলে ধরে শুভেন্দু বলেন, স্থানীয় প্রশাসন এসব ঘটনায় পদক্ষেপ নিয়েছে। আইন অমান্য করা হলে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

অবৈধভাবে গরু জবাইয়ের তথ্য বা ভিডিও গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইন থাকা সত্ত্বেও অনেকে লুকিয়ে অবৈধভাবে গরু জবাই করেন। এ ধরনের কোনো তথ্য বা ভিডিও পাওয়া গেলে সরকারকে জানাতে হবে। ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বয়স্ক গরুর দেখভাল ও চিকিৎসার জন্য বছরে এক লাখ রুপি করে সহায়তা দেয়ার একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী জানান, গরু খামারিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে চললে প্রতিবছর এ অনুদান দেয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে সংশ্লিষ্ট দপ্তর।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম সব ভাষায় একই রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইংরেজিসহ সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ লেখার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে ইংরেজিতে রাজ্যটির নাম ‘ওয়েস্ট বেঙ্গল’।

তিনি বলেন, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে। ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হলে তা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগোবে।

এসএস