আজ (সোমবার, ২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) ইরফান খান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, টিটন হত্যাকাণ্ডে সুইডেন আসলাম সরাসরি জড়িত বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। হত্যার মূল পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নেয়া জরুরি।
আরও পড়ুন:
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
টিটন হত্যার ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন বাদী।





