ঘটনার সূত্রপাত ১৫ নভেম্বর, জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় এইআই প্রযুক্তি ব্যবহার করে নকলের কথা স্বীকার করেন রেকর্ড নম্বর পাওয়া এক তরুণ। প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দেন, জ্যামিতি বক্সে গোপনে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে এআই’র সহায়তায়। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনেউং-এর মাত্র ৪ দিন আগে ছড়িয়ে পড়ে এই কেলেঙ্কারি।
নড়েচড়ে বসে দক্ষিণ কোরিয়া, ১৯ নভেম্বরের সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কেন্দ্রের আশপাশে বন্ধ করা হয় উন্মুক্ত ওয়াই-ফাই, পরীক্ষার্থীদের পোশাকের বোতামে স্টিকার লাগিয়ে লুকানো ক্যামেরা ব্যবহার ঠেকানোর চেষ্টা করে সরকার। স্কানিং করা হয় শিক্ষার্থীদের চশমার।
পরীক্ষার চলাকালীন তিন দফা জরুরি বার্তা পাঠিয়ে সতর্কও করা হয় সংশ্লিষ্টদের। এক দিনেই ধরা পড়ে ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কিত শতাধিক অনিয়ম। আগাম প্রস্তুতির এই ঘাটতির দায় স্বীকার করে ২২ নভেম্বরই পদত্যাগের প্রস্তাব দেন, শিক্ষামন্ত্রী চোই কিও-জিন, অনুমোদন দেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।
মন্ত্রীর পদত্যাগের পরেও শিক্ষাপ্রতিষ্ঠানে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বাড়ছে নানা জল্পনা। দুইভাগে ভাগ হয়ে গেছে এইআই’র পক্ষে-বিপক্ষে থাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা ৮ ঘণ্টার ভর্তি পরীক্ষার প্রচলিত পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সুনেউং নামে প্রচলিত এই পরীক্ষার টানা ৮-৯ ঘণ্টা ধরে ২০০ বেশি প্রশ্নের উত্তর দিতে হয়। বিঘ্ন কমাতে গণপরিবহন ও কাজের সময়সূচীও সমন্বয় করে মন্ত্রণালয়। প্রশ্ন গোপন রাখার জন্য পরীক্ষার ৪০ দিন আগে থেকে প্রশ্নকর্তা ও পর্যালোচকদের রাখা হয় পৃথকভাবে।
নকল করতে এআই’র ব্যবহার এখন আর কোনো সমস্যা নয়। স্কুল ও তরুণদের মধ্যে এআই ব্যবহারের সীমা নির্ধারণ নিয়ে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। ২০২৩ সালের শুরুতে স্কুলের ডিভাইস ও নেটওয়ার্কে চ্যাটজিপিটি ব্লক করে দেয় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির সরকারি সব স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই ব্যবহারেও আসে স্থগিতাদেশ। আর চলতি শিক্ষাবর্ষে অনুমোদিত এআই টুল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।





