ভুল পদক্ষেপ নিলে যুদ্ধের চিত্র পাল্টে দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
0

মার্কিন নৌ অবরোধ আর বরদাস্ত করবে না ইরান। তেহরানের ৭ শর্ত পূরণ না হলে কোন আলোচনা নয়-বলে জানিয়েছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। পাশাপাশি প্রতিপক্ষের ভুল পদক্ষেপের জবাবে যুদ্ধের চিত্র পাল্টে দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এরমধ্যেই, ইরানের তেল-শিল্প ও বাণিজ্যিক খাত সংশ্লিষ্ট আরও ২২ সংস্থা ও ৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। আর সংঘাত ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য এর ধকল সইতে পারবে না উল্লেখ করে নতুন করে ওয়াশিংটন-তেহরান আলোচনার উদ্যোগ নিয়েছে কাতার।

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইরানের প্রতিরোধের মুখে দেশটির ওপর একের পর এক মার্কিন অবরোধ-নিষেধাজ্ঞাকে যুক্তরাজ্যের হতাশা আর মরিয়া অবস্থানকেই তুলে ধরছে। মঙ্গলবার ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এভাবেই যুক্তরাষ্ট্রের প্রতি নিজ দেশের অবস্থানের কথা জানান।

গালিবাফ আরও জানান, তেহরানের ৭ শর্ত পূরণ না হলে কোনো আলোচনার টেবিলে বসবে না ইরান। তিনি আরও বলেন, প্রতিপক্ষ কোনো ভুল করলে ইরান চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত,যা যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দেবে।

আরেকদিকে, মার্কিন নৌ অবরোধ আর মেনে নেবে না ইরান। সেক্ষেত্রে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে অবরোধ ভাঙতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানিরা ফের যুদ্ধের পথে হাঁটলে তেল সরবরাহ হারাতে পারে গোটা বিশ্ব-এমন হুঁশিয়ারিও দেন তিনি। তবে বাঘাই ইতিবাচক সমাধানের লক্ষে কূটনৈতিক পদক্ষেপের প্রতি ইরানের আগ্রহের কথাও জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘মার্কিন পক্ষ যদি প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে স্বল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালি ও এ অঞ্চলে নিরাপত্তা পুনরুদ্ধার করা সম্ভব।’

এর মধ্যে ওয়াশিংটন-তেহরানের আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে কাতার। উত্তেজনার আরেক পর্ব বা ফের যুদ্ধ শুরু হলে সেই ধকল সইতে পারবে না মধ্যপ্রাচ্য-এমন শঙ্কার কথাও জানিয়েছেন কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী এবং বিশেষ দূত সোমবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর মধ্যে ইরানের তেল-শিল্প ও বাণিজ্যিক খাত সংশ্লিষ্ট আরও ২২ সংস্থা ও ৮ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি তেহরানের গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলো ভেঙে দেয়ার অঙ্গীকার করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

এছাড়া, সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ সম্প্রসারণ করছে এমন উদ্বেগ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। এছাড়া হরমুজে তরলীকৃত পেট্রোলিয়াম, রাসায়নিক পণ্য এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ বহনকারী প্রায় অর্ধশত ট্যাংকারে সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

এরমধ্যে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অননুমোদিত নৌপথ ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।

এএইচ