ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ইউরোপজুড়ে আগ্রাসন কমাতে বলেছেন ট্রাম্প

করমর্দন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের আশায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন কমাতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছেন ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি অনেকক্ষণ ধরে একটি বিষয় নিয়ে কথা বলেছি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হওয়ার আশায় আমি দেখতে চাই প্রেসিডেন্ট পুতিন যেন ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন থেকে সরে আসেন।’ তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি এর জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন, যা এক চরম রক্তক্ষয়ী পরিস্থিতি।’

ট্রাম্প প্রায়ই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন। তবে ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ড বলতে তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোকেও বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য পুতিনকে তিনি ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ করেছে অন্যান্য দেশ। চলতি সপ্তাহেই ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া সম্প্রতি এস্তোনিয়া একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার যোগসূত্র থাকার অভিযোগ তোলে।

পরে বৃহস্পতিবার ট্রাম্প আবারও বলেন, পুতিন একটি সমঝোতা করতে চান বলেই তিনি মনে করেন। কূটনীতিকে প্রায়ই ব্যক্তিগত সম্পর্কের বিষয় হিসেবে দেখা ট্রাম্প জানান, রুশ নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বৈরিতা আলোচনাকে কঠিন করে তুলছে। থ্যাংকসগিভিংয়ের ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো ক্লাবে অবস্থানরত ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো এমন দুজন নেতা রয়েছেন, যারা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’

আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা জানেন না বলে উল্লেখ করেন ট্রাম্প। রুশ নেতা ওই বৈঠকে অংশ নিতে চাইবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘বিষয়টি আমার ওপর নির্ভর করলে আমি তাকে সেখানে দেখতে চাইতাম।’ অন্যদিকে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত সপ্তাহে চীনের শেনজেনে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এছাড়া পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকেও অংশ নেন তিনি। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই দুই নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ বৈশ্বিক উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে। তবে সংঘাত বন্ধে মস্কোর ওপর ওয়াশিংটন যথেষ্ট চাপ প্রয়োগ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

এদিকে জার্মান মিডিয়া গ্রুপ অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ডোপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে বুধবার পুতিনের প্রশংসা করেছেন ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনার। পুতিনকে তিনি রাজনীতির গ্র্যান্ডমাস্টার এবং একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। কুশনারের যুক্তি, ইউক্রেন যুদ্ধ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন সংযম দেখিয়েছেন। পুতিন শান্তি চান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান বলেও মনে করেন কুশনার।

এএম