বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং যুদ্ধরত ইউক্রেনের কৃষি রপ্তানি সচল রাখার লক্ষ্যে কিয়েভে ৫ম আন্তর্জাতিক ‘ফুড ফ্রম ইউক্রেন’ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে ইউক্রেনীয় কৃষকদের কাছ থেকে সরাসরি বিভিন্ন খাদ্যশস্য দুর্ভিক্ষপীড়িত কয়েকটি দেশে পৌঁছে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
খাদ্য-কৃষি পণ্যের রপ্তানি অব্যাহত রাখতে ও নৌচলাচলের স্বাধীনতা ফেরাতে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এখন মস্কোর উত্তরের অপেক্ষা। আন্তর্জাতিক মিত্রদের মাধ্যমে এ প্রস্তাব দেয়া হয়েছে, ইউক্রেন রাশিয়ার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। খাদ্য সম্মেলনে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এসব কথা জানান।
এর আগে ওডেসার কাছে দুটি বিদেশি শস্যবাহী জাহাজে হামলার খবর পাওয়া যায়। রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মস্কো এই প্রস্তাবিত চুক্তিতে রাশিয়ার তেল খাতে হামলা বন্ধের শর্ত যুক্ত করতে চাইছে। তবে কিয়েভের মতে তেলের বিষয়টি একটি বৃহত্তর জ্বালানি যুদ্ধবিরতির অংশ হওয়া উচিত।
এছাড়া, মস্কো-কিয়েভের উত্তেজনা কমাতে মধ্যস্থতায় ভারত, তুরস্ক ও মিশরের ভূমিকার প্রশংসা করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কৃষ্ণসাগরের অবরোধ কাটিয়ে খাদ্যশস্য রপ্তানি স্বাভাবিক রাখতে এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক, মিশর ও ভারত নিজস্ব রূপরেখা দিয়েছে। দেশগুলোর এ প্রচেষ্টাকে স্বাগত জানায় কিয়েভ।
এরমধ্যে রুশ ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর দাবি অনুযায়ী, এটিই প্রথম পারমাণবিক সাবমেরিন যা ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি শিগগিরই প্রশান্ত মহাসাগরীয় বহরে যুক্ত হয়ে সুদূর প্রাচ্য ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কাজ করবে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় শহরের একটি শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে সাবমেরিনটি হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট পুতিন ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে এরকম আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার কথাও নিশ্চিত করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা আমাদের নৌবাহিনীর উন্নতি অব্যাহত রাখতে চাই। যেখানে ডুবোজাহাজ বাহিনীও অন্তর্ভুক্ত থাকবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, 'সেভমাশ' বিভিন্ন ধরনের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ উৎপাদন অব্যাহত রেখেছে। ২০৩০ সালের মধ্যে, তিনটি ইয়াসেন-এম শ্রেণির ডুবোজাহাজসহ পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ নৌবাহিনীকে সরবরাহ করা হবে।’
ওদিকে, রাশিয়ার সঙ্গে সব সড়ক সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এস্তোনিয়া। দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠানে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে এস্তোনিয়া সরকার। তবে কঠোর শুল্ক নিয়ন্ত্রণের আওতায় রেলপথে পণ্য পরিবহন সচল থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিপরীতে এস্তোনিয়ার এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।





