ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই

পণ্যবাহী জাহাজ
বিদেশে এখন
0

ইয়েমেনের দক্ষিণ উপকূলের অদূরে এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে একদল সশস্ত্র ব্যক্তি। আজ (শনিবার, ২৮ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল পর্যবেক্ষণ কেন্দ্র (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১১৯ কিলোমিটার (৬৪ নটিক্যাল মাইল) দক্ষিণ-পশ্চিমে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ইউকেএমটিও জানায়, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় (০৬:৩০ জিএমটি) জাহাজটির ক্যাপ্টেন এই জরুরি বার্তা পাঠান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে সংস্থাটি বলে, ‘একটি কার্গো জাহাজে অনুমোদনহীন সশস্ত্র ব্যক্তিরা উঠেছে।’ বিবৃতিতে আরও জানানো হয়, ‘সশস্ত্র ব্যক্তিরা জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’ ঘটনাটি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে আশপাশে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ছিনতাই হওয়া জাহাজটির নাম, পতাকা কিংবা নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা নিয়েও কোনো গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি। এর আগে গত ১৭ নভেম্বর ইয়েমেনের আল-মুকাল্লা উপকূলে ছোট নৌকা থেকে আরেকটি জাহাজে ওঠার চেষ্টা করেছিল কয়েকজন সশস্ত্র ব্যক্তি। তবে সে সময় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

বাব আল-মান্দেব প্রণালির মাধ্যমে এডেন উপসাগর লোহিত সাগরের সঙ্গে যুক্ত। এটি এশিয়া-ইউরোপ বাণিজ্যের অন্যতম প্রধান পথ। সাম্প্রতিক মাসগুলোতে হর্ন অব আফ্রিকা ও এডেন উপসাগরে জলদস্যুতা এবং জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পাশাপাশি গত ফেব্রুয়ারিতে ইরানে হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে বাণিজ্যিক জাহাজগুলো বড় ঝুঁকিতে পড়েছে।

জেআর