সাধারণ মানুষ থেকে শুরু করে তামিল সিনেমার সুপারস্টার; তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সমর্থিত শাসক দল ডিএমকে এবং বিজেপির সঙ্গে জোট করা প্রধান বিরোধীদল এডিএমকে। এছাড়াও আলোচনায় রয়েছে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল টিভিকে।
স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরইমধ্যে চেন্নাইয়ে ভোট দিয়েছেন টিভিকে নেতা থালাপতি বিজয়। তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি।
এরপর ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করতে নির্বাচন কমিশনারকে চিঠি দেন থালাপতি। যাতায়াতের অসুবিধায় অনেক ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাড়তি সময় লাগছে উল্লেখ করে এই দাবি জানান তিনি। চেন্নাইয়ে ভোট দিয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তও।
আরও পড়ুন:
ছেলে তথা উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিনসহ পরিবারের সব সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ডিএমকে নেতা ও বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কোলাথুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্ট্যালিন, আর তার ছেলে চেপাক-তিরুভল্লিকেনি কেন্দ্র থেকে ডিএমকে’র প্রার্থী। অন্যদিকে তামিলনাড়ুতে ন্যায়বিচারের জন্য কংগ্রেস-ডিএমকে জোটের গৌরবময় ইতিহাস রয়েছে বলে এক ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভোট দিয়ে এবার জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী বা বিরোধীদল এডিএমকে’র নেতা এদাপ্পাদি পালানিস্বামী। এবার জয়ললিতার দল এডিএমকে’র সঙ্গে জোট বেধে লড়ছে বিজেপিও। জোটের জয় নিশ্চিতে নারী ও যুবসমাজকে গণতন্ত্রের মহান দায়িত্ব পালনে জন্য ভোটদান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভার জন্য লড়ছেন চার হাজার ২৩ জন প্রার্থী। যাদের ভাগ্য নির্ধারণ করবেন পাঁচ কোটি ৭০ লাখের বেশি ভোটার। ৭৫ হাজার ৬৪টি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ এক দফায় ভোট হলেও তামিলনাড়ুর পরবর্তী সরকার কারা গঠন করবে তা জানা যাবে ৪ মে।





