বিক্ষুব্ধ শিক্ষার্থীদের জ্বলন্ত আতশবাজি ছোঁড়া হয়েছে স্কুলের ভেতরেই। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় নান্তেস শহরে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে মিছিল করে হাজারও বিক্ষোভকারী। শিক্ষার জন্য আরও বেশি তহবিল এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হাজারও বিক্ষোভকারী।
বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ‘আজকের আন্দোলনে আমাদের প্রধান দাবি জাতীয় শিক্ষা খাতে অর্থবরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা। ধীরে ধীরে এই আন্দোলনের পরিধি বাড়ছে। বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের আন্দোলন এক হয়ে এটি এখন বৃহত্তর সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে।’
অন্য একজন বলেন, ‘গত ১০ বছর ধরে ধনীরা আরও ধনী এবং দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। যে নীতির কারণে এ অবস্থা, সেটির অবসানই এ সমস্যার সমাধান।’
প্রায় দু’মাস ধরে বিক্ষোভে জর্জরিত ফ্রান্স রাজপথ। স্কুলভবন সংস্কার, আরও শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেপ্টেম্বরে সূচনা। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির দাবিতে বৃহত্তর গণবিক্ষোভে রূপ নেয় আন্দোলন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোরনুর সঙ্গে সোমবারের আলোচনাতেও সন্তোষজনক সমঝোতায় পৌঁছায়নি বিক্ষুব্ধ শিক্ষার্থী-শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘আন্দোলন চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে কখনো নিশ্চিন্তে থাকতে দেয়া যাবে না। যুবকদের এবং শিক্ষা খাতের কর্মীদের দাবির বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে।’
অন্য একজন বলেন, ‘প্রকৃত অগ্রগতির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্য থেকেই আজকেও আন্দোলনে আসা। কারণ দৈনন্দিন জীবনে পরিবর্তনযোগ্য কিছুই আমাদের দেয়া হচ্ছে না। আমরা রাস্তায় আছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে। দাবির জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন থামানোর কোনো কারণ নেই।’
আরও পড়ুন:
নিয়মিত বিক্ষোভে প্রায়ই সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগে নমনীয় হতে ফরাসি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
ওএইচসিএইচআরের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কাসহ সংশ্লিষ্ট উদ্বেগের বিষয়গুলো সরাসরি ফরাসি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও জোর দিচ্ছি আমরা।’
জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপের অন্যান্য দেশেও ক্ষোভের আগুন অব্যাহত। স্পেনের সবচেয়ে বড় দুই শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রস্তুতি চলছে দেশজুড়ে। মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছেন স্প্যানিশ ট্রেনচালকরা। মাদ্রিদে ৯০, বার্সেলোনায় ৫০ শতাংশসহ সারা দেশে ৪০ শতাংশ রেলযাত্রা বাতিল হয় এদিন।
শ্রমিকদের মধ্যে একজন বলেন, ‘ভালো হচ্ছে না। চরম বিশৃঙ্খলা চলছে। যাই হোক, যাই ঘটুক না কেন, আমাদের কাজে যাওয়ার চেষ্টা করতে হবে। অন্য কোনো উপায় নেই।’
অন্য একজন বলেন, ‘আমি জানতাম না যে আজ ধর্মঘট আছে। অবাক হয়েছি, তবে এই ধর্মঘটে শতভাগ সমর্থন আছে আমার। অধিকার আদায়ের যেকোনো ধর্মঘট সমর্থন করি।’
ইউরোপের আন্দোলনের আঁচ পৌঁছেছে সুদূর লাতিন আমেরিকা আর এশিয়াতেও। শিক্ষা বিকেন্দ্রীকরণের প্রতিবাদে বলিভিয়ায় ৪৮ ঘণ্টায় জাতীয় ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। এদিন লা পাজে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ শিক্ষকরা। ইন্দোনেশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য জাকার্তায় সমাবেশ করে শিক্ষার্থীরা, দাবি জানায় ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের।





