জার্মানিতে বাড়ছে নারীর প্রতি সহিংসতা; সুরক্ষা ও ন্যায়বিচারের দাবিতে বার্লিনে বিক্ষোভ

নারী নির্যাতন প্রতিরোধ দিবসে বার্লিনে তের দে ফেমের বিক্ষোভ
ইউরোপ
বিদেশে এখন
0

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জার্মানির বার্লিনে বিক্ষোভ হয়েছে। নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও নারীহত্যা বন্ধ করা বিক্ষোভকারীদের মূল দাবি। এছাড়া বিক্ষোভে পারিবারিক সহিংসতা শিকার ভুক্তভোগীদের যথাযথ সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের মতো বিষয়গুলোও উঠে এসেছে। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের দাবি তাদের। পাশাপাশি যুদ্ধবিরোধী সংহতিও প্রকাশ করেন আন্দোলনকারীরা।

জাতিসংঘের ‘অরেঞ্জ ডে’ বা ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেটসহ নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন কয়েকশ বিক্ষোভকারী, যাদের বেশিরভাগই নারী।

সম্প্রতি, জার্মানিতে নারীর প্রতি সহিংসতা এবং নারীহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। জার্মান সংবাদমাধ্যমের তথ্য মতে, ২০২৫ সালেই জার্মানিতে ২০ হাজারের বেশি মানুষ পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। এ কারণে সমাবেশে 'আর একজনও নয়'- এমন স্লোগানে সহিংসতা বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারী এক নারী বলেন, ‘পরিস্থিতি ঠিক কেমন তা জানতে কেবল পরিসংখ্যানের দিকে তাকালেই চলে। মাত্র এক শতাংশ দোষী সাব্যস্ত হয়। এটা সমাজের জন্য ভয়াবহ মারাত্মক অভিযোগ। ঠিক এ কারণেই আমি এখানে এসেছি।’

বিক্ষোভকারীদের দাবি, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারীরা অভিযোগ জানানোর পরও অনেক ক্ষেত্রে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয় না। এ কারণে ভুক্তভোগীদের জন্য আরও শক্তিশালী আইনি সুরক্ষা, আশ্রয়কেন্দ্র এবং রাষ্ট্রীয় সহায়তার দাবি জানানো হয়।

সহিংসতা দেখে মুখ ফিরিয়ে না নিয়ে সমাজের প্রতিটি স্তর থেকে, বিশেষ করে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। মোবাইলের আলো জ্বালিয়ে নীরব প্রতিবাদের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতি সংহতি জানানো হয়।

বিক্ষোভকারী আরও একজন বলেন, ‘আপনি একা নন, এই অনুভূতিটাই যথেষ্ট। আমি বিশ্বাস করি, এই সংহতির বোধটা অত্যন্ত জরুরি। এমনকি এখনও—আমি নিজেকেই দোষারোপ করি । লজ্জিত বোধ করি। কিন্তু বাস্তবতাটা এমনই।’

এছাড়া, বার্লিন বিক্ষোভের একটি অংশে ফিলিস্তিনি নারীদের প্রতি সংহতি জানিয়ে গাজায় যুদ্ধ বন্ধ এবং জার্মানি থেকে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিও জোরালোভাবে উঠে এসেছে।

এএম