হরমুজ নিয়ে পাল্টাপাল্টি দাবি; শান্তি আলোচনায় তেহরান-ওয়াশিংটন

হরমুজ প্রণালি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলি হামলার জেরে ইরানের বিপ্লবী গার্ড কর্পস ফের হরমুজ বন্ধের ঘোষণা দিলেও, জলপথটি সব ধরণের নৌযানের জন্য খোলা আছে বলে দাবি করেছেন ট্রাম্প। আরও হুমকি দিয়েছেন, চুক্তি ব্যর্থ হলে হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করবে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ড শান্তি আলোচনায় লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন রাখার দাবি ইরানের। তেহরান-ওয়াশিংটন প্রতিনিধি দল ছাড়াও আলোচনায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।

বন্দর অবরোধ তুলে নেয়া আর হরমুজ প্রণালি সচলের মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথ সুগম হলেও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু নেতানিয়াহুর যুদ্ধ নীতি ভেস্তে দিচ্ছে সেই সম্ভাবনা। যুদ্ধবিরতি রাজি হয়েও শুক্রবার থেকে দক্ষিণ লেবাননে দফায় দফায় হামলা করেছে ইসরাইল। এর জেরে গতকাল (শনিবার, ২০ জুন) আবারও হরমুজে সবধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ড কর্পস।

এরকিছু সময়ের মধ্যেই আইআরজিসিকে চ্যালেঞ্জ করে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা আছে এবং জলপথটি পাহারা দিচ্ছে মার্কিন সেনারা। এখানেই শেষ নয়, শনিবারের ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুদ্ধবিরতির ৬০ দিন এবং এর পরেও হরমুজে জাহাজ পারাপারে কোনো টোল থাকবে না। তবে ইরান যদি চুক্তি না করে তাহলে হরমুজে প্রণালিতে জাহাজ চলাচলে মাশুল বা ফি বসাবে খোদ যুক্তরাষ্ট্র, এবং তা আদায়ও করবে ওয়াশিংটন।

আরও পড়ুন সুইজা

এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ড শান্তি আলোচনায় লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন রাখার দাবি ইরানের। সিবিএস নিউজের তথ্য, আলোচনার উদ্বোধনী সেশনেই লেবানন ও ইসরাইল ইস্যুতে সংলাপ চায় ইরানি প্রতিনিধি দল। ইরান ইন্টারন্যাশনালের তথ্য, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত প্রসঙ্গ শুরুতে এ শান্তি আলোচনার ইস্যু ছিল না। শেষ মুহূর্তের এ পরিবর্তন মার্কিন প্রতিনিধিদের জন্য অপ্রত্যাশিত।

যদিও ইসরাইলি টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল টুয়েলভের খবর, শনিবারই দক্ষিণ লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ। তবে অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণাও দেয়া হয়েছে। আর আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার দায় অস্বীকার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এ তথ্য প্রকাশের পরেও শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে।

এমন উত্তেজনার মধ্যেই আজ সুইজারল্যান্ডে বৈঠক করবে যুক্তরাষ্ট্র-ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। ওয়াশিংটনের পক্ষে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ছাড়াও এ দলে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জুরিখ পৌঁছেছে ইরানের প্রতিনিধি দলও। আলোচনায় মধ্যস্ততা করতে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।

জেআর