ইসরাইলের সঙ্গে কাঠামো চুক্তি পার্লামেন্টে 'পাশ হবে না’— লেবাননের স্পিকারের

লেবাননের স্পিকার নাবিহ বেরি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলের সঙ্গে হওয়া কাঠামো চুক্তিটি পার্লামেন্টে কিছুতেই 'পাশ হবে না' বলে সাফ জানিয়ে দিলেন লেবাননের স্পিকার নাবিহ বেরি। এদিকে, চুক্তির পরও দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গতকাল (রোববার, ২৮ ‍জুন) হিজবুল্লাহর ৬০০ থেকে ৫৬-ফুট দীর্ঘ সুড়ঙ্গে থাকা অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করছে তেল-আবিব।

ভয়াবহ বিস্ফোরণের এ দৃশ্যটি দক্ষিণ লেবাননের মাজদাল জউন শহরের। ভিডিওটি প্রকাশ করে সেখানে থাকা হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসের দাবি করছে ইসরাইলি বাহিনী। ৬৫৬-ফুট দীর্ঘ সুড়ঙ্গে হিজবুল্লাহর শত শত অস্ত্র ও রকেট লঞ্চার মজুত ছিলো বলেও দাবি করা হচ্ছে। এমনকি মাটির নিচে থাকা অস্ত্র গুদামে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে জানানো হয় বলেও যৌথ বিবৃতিতে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই হওয়া লেবানন–ইসরাইল কাঠামোগত নিরাপত্তা চুক্তির পরও, দক্ষিণ লেবাননে এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এ অবস্থায় এবার লেবাননের পার্লামেন্টে আটকে গেলো বৈরুত-তেল আবিবের কাঠামোগত নিরাপত্তা চুক্তি। স্পিকার নাবিহ বেরি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইসরাইলেরর সঙ্গে হওয়া কাঠামো চুক্তিটি লেবাননের পার্লামেন্টে কিছুতেই ‘পাস হবে না’। কারণ এটি লেবাননের অধিকার সংরক্ষণের চুক্তি নয়, বরং চাপিয়ে দেয়া শর্তের একটি চুক্তি।

এদিকে, এ চুক্তিকে ইসরাইলের কাছে আত্মসমর্পণের সামিল আখ্যা দিয়ে আগেই তা প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চুক্তিটি হয়েছে ব্যর্থ বলেও মন্তব্য করেন হিজবুল্লাহ রাজনৈতিক পরিষদের উপ-প্রধান মাহমুদ কমাত

একদিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ চুক্তিকে নিজেদের জন্য বড় বিজয় হিসেবে আখ্যা দেন। এছাড়া চুক্তি অনুযায়ী লেবানন সরকার তাদের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের উপস্থিতির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন নেতানিয়াহু।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, ২ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত প্রায় ১২ হাজার ২০০। অন্যদিকে ইসরাইলের দাবি, হিজবুল্লাহর পাল্টা হামলায় তাদের ৩০ জনের বেশি সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জেআর