বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বান্দরবানের একটি ইটভাটা
আইন ও আদালত
0

বান্দরবানে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (রোববার, ১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। এরই মধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছু কিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেয়া হলেও বন্ধ করা যায়নি।

অন্যদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পরিবেশ আদালত।

পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন—থানচি উপজেলার এমএসবি ভাটা মালিক যুবলীগনেতা আনিসুর রহমান সুজন (মামলা নং-০৩/২৬), আলীকদম উপজেলার এবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগনেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-৫/২৬), ইউবিএম ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন (মামলা নং-৪/২৬), এফবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রীর ভাই শওকত তালুকদার (মামলা নং-২/২৬) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-১/২৬)।

আরও পড়ুন:

পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে দায়ের করা ৫টি মামলায় আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরিবেশ আদালতে মামলা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা ছিলো না। পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এফএস