এর আগে মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ডিবি পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানবপাচারের অভিযোগে দায়ের করা।’
আরও পড়ুন:
ডিবি জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম চলমান। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
ডিবির তথ্যমতে, রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।





