ঈদ উপলক্ষে জমজমাট ইসলামপুরের কাপড় বাজার, বিক্রি বৃদ্ধির প্রত্যাশা

ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজারের চিত্র
দেশে এখন
বাজার
0

ঈদকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে জমে উঠছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই খুচরা ব্যবসায়ীরা আসছেন এ মার্কেটে। রোজার শুরুতে তেমন বেচাকেনা না হলেও মধ্য রোজার পর তা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

ঢাকায় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার ইসলামপুরে। বছরজুড়েই ক্রেতা-বিক্রেতার হাকডাকে থাকে সরগরম। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা এখান থেকেই পাইকারি দরে কাপড় কেনেন। তবে ঈদের সময় এ বেচাকেনা বেড়ে যায় কয়েকগুণ।

এ বাজারে শাড়ি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির আধিক্য বেশি। স্থানীয়ভাবে তৈরি কাপড়ের পাশাপাশি ভারত-পাকিস্তানি ডিজাইনের পোশাকের চাহিদা রয়েছে বলে জানান বিক্রেতারা।

বিক্রেতারা জানান, পাকিস্তানি ডিজাইনগুলো ক্রেতারা অধিক পছন্দ করছেন। তাই পাকিস্তানি পণ্য বেশি এনেছেন বলেও জানান তারা। এছাড়া ভারতীয় পণ্যের প্রতিও গ্রাহকদের আগ্রহ আছে বলে জানা যায়।

আরও পড়ুন:

এবারের ঈদে ফ্যাশন ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য। দেশি, বিদেশি বিভিন্ন ব্রান্ডের অনুকরণে তৈরি পোশাকের ডিজাইনে দৃষ্টি কাড়ছে ক্রেতাদের। তারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম সামান্য বেড়েছে, তবে মান ভালো।

মধ্য রমজান থেকে বিক্রির হার আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। তারা জানান, পর্যাপ্ত মাল থাকলেও নেই গ্রাহকদের দেখা। অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায়, ব্যবসা-বাণিজ্যের আশানুরূপ নয়।

এদিকে পুরো রমজানে এ পাইকারি বাজারে বিক্রি কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা ব্যবসায়ী মালিক সমিতির।

এসএইচ