রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মাছের দাম

সবজি, মাছ ও মুরগি-ডিমের বাজার
বাজার
0

সরবরাহ বাড়ায় ইলিশসহ মাছের দাম কমেছে রাজধানীর বাজারে। আর মুরগীর দাম স্বাভাবিক থাকলেও চড়া ডিমের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় বিক্রি বেশ কম। প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। দাম কমেছে পেঁপে ও কাঁচা মরিচের।

ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮০ টাকায়। আর প্রতি পিস লাউ ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০-৫০ টাকায়। ৫ টাকা বেড়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১৫-৩০ টাকায়। অন্যদিকে, কেজিতে ৫-১০ টাকা কমেছে পেঁপে ও কাঁচা মরিচের দাম।

পাইকারদের মতে, বাজারে সবজির কোনো কমতি নেই, কিন্তু সেই তুলনায় বিক্রি অনেক কম।

বিক্রেতারা বলেন, এখন নতুন সবজি তো কিছু আসবেই। সেই হিসেবে একটু হালকা পাতলা আরকি দাম বেশি আছে। কাঁচামরিচের দাম আর পেঁপের দাম একটু কম। সবজি বাজারের তুলনায় ৫ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি আরকি।

ক্রেতারা জানান, শুধু ৫ টাকা ১০ টাকা না, আমি কিছু সবজি দেখছি ডাবল বা তার থেকে আরও এরকম বেশি। যার ইনকাম ২০,০০০ টাকা, তার খরচ হচ্ছে ৫০,০০০ টাকা কি ৬০,০০০ টাকা। কীভাবে চলবো বলেন? তার থেকে এক কেজির জায়গায় হাফ কেজি খাচ্ছি।

এদিকে, চাষের চিংড়ী কেজিতে ১০০ টাকা কমেছে। রুই কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায় আর শিং ৪০০ থেকে ৪৫০ টাকায়। কমেছে ইলিশের বাজারও। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে হাজার টাকার উপরে। বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ বেড়েছে। আর ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মাছ বিক্রেতারা জানান, যেমন রুই মাছ ছিলো আগে ৫৫০-৬০০ টাকা কেজি। আজকে বিক্রি করছি ৪০০-৪৫০ টাকা কেজি। শিং মাছ ৪০০-৪৫০ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু দাম কমছে। কেজিতে ১০০ টাকা করে কমছে। মাছের আমদানি আছে।

এদিকে, মুরগির বাজার স্বাভাবিক থাকলেও বাজারে বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ৫ টাকা বেড়ে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় কেজিতে ময়দা বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। কেজিতে বিক্রি হচ্ছে ৮২ টাকায়।

ইএ