জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ

রাজধানীর একটি বাজারের ছবি
কাঁচাবাজার
বাজার
0

জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

জ্বালানি তেলের সংকটের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়া ও সরবরাহ চেইনে ঘাটতির কারণে নিত্যপণ্যের দাম চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ সবজির দামই কেজিতে ৮০ টাকার ওপরে। পটল, করলা, কাকরোল, চিচিঙ্গা, ঝিঙ্গা, টমেটো, শিম ও বেগুনসহ নানা সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। তবে কিছুটা স্বস্তি দিয়েছে কাঁচামরিচের দাম, যা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকায়।

এই বাড়তি দামের চাপ সরাসরি পড়ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর। বাজার তদারকির দুর্বলতাকেই এর জন্য দায়ী করছেন ক্রেতারা।

আরও পড়ুন:

এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি মুরগির দাম কমে কেজিতে ৩৮০ থেকে ৪০০ টাকায় নেমেছে, যা এক সপ্তাহ আগে ৪০০ টাকার বেশি ছিল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। তবে ডিমের দাম ১৫ টাকা বেড়ে ডজন প্রতি দাঁড়িয়েছে ১২৫ টাকা।

নদীতে মাছ ধরতে জেলেদের যেতে না পারায় তৈরি হয়েছে মাছের সংকট। জ্বালানি ঘাটতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নদীর মাছের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

অন্যদিকে ভোজ্য তেলের বাজারে সরবরাহ সংকট থাকলেও দাম আপাতত স্থিতিশীল। ৫ লিটার সয়াবিন তেল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় ৯৫০ টাকা। তবে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে ১ লিটার সরিষার তেল কিনতে হচ্ছে, যা বড় কোম্পানিগুলোর প্রতারণা বলে মনে করছেন বিক্রেতারাই।

সব মিলিয়ে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে, আর এতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন সাধারণ ভোক্তারা।

এসএইচ