কোরবানির ঈদ সামনে রেখে ঝালকাঠিতে জমে উঠেছে লবণের বাজার

লবণ ও চামড়ার বাজার
এখন জনপদে , কাঁচাবাজার
বাজার
0

কোরবানির ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে বেড়েছে লবণের চাহিদা। কোরবানির চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতে লবণের ব্যবহার বাড়ায় সরগরম হয়ে উঠেছে জেলার লবণ বাজার ও কারখানাগুলো। ভালো দাম পেয়ে খুশি ব্যবসায়ীরা। অন্যদিকে বাড়তি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

ঝালকাঠি জেলার বিভিন্ন লবণ কারখানায় এখন চলছে বাড়তি উৎপাদন। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে আসছে নতুন নতুন অর্ডার। বর্তমানে ৭০ কেজির প্রতি বস্তা লবণ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে। চাহিদা বেশি থাকায় প্রতি বস্তায় আগের তুলনায় প্রায় একশো টাকা বেশি পাচ্ছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কোরবানির চামড়া সংরক্ষণে ঝালকাঠি জেলায় লবণের চাহিদা রয়েছে ২০৪ মেট্রিক টন। তবে বর্তমানে মজুদ রয়েছে ১১ হাজার ২৮৮ মেট্রিক টন লবণ, যা চাহিদার তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন:

শুধু ঝালকাঠিই নয়, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী ও বরগুনাসহ বিভিন্ন জেলায় এখান থেকে সরবরাহ করা হচ্ছে লবণ। এছাড়া ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে ১৩৫ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। যা ঝালকাঠি জেলা থেকে সরবরাহ করা হয়েছে।

ব্যবসায়ী ও শ্রমিকদের প্রত্যাশা, ঈদকে ঘিরে বাড়তি এ চাহিদা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আর এতে চাঙা থাকবে ঝালকাঠির লবণ শিল্প।

এফএস