'বিদেশি পর্যটকদের জন্য অনএরাইভাল ভিসা সহজ করা হবে'

দেশে এখন
0

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৫০ ট্যুর অপারেটর কোম্পানি। মিলছে নানা রকম অফার।

প্রাকৃতিকভাবে পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। যেখানে সাদা মেঘের মাঝে হারিয়ে যায় বিশাল পাহাড় আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের গর্জন মিলিয়ে যায় সাগরের গর্জনের সাথে। একইসাথে পাহাড়ি ঢল আর চা বাগানের সবুজায়নে যে কেউ নিজেকে হারিয়ে ফেলে বাংলাদেশের পর্যটন শিল্পের মাঝে।

সরকারি হিসেবে প্রতিবছর দেশের অভ্যন্তরের বিভিন্ন স্পট ঘুরতে যান প্রায় কোটি বাংলাদেশি পর্যটক। আর দেশ থেকে বিদেশে ঘুরতে যায় আরও প্রায় ৫০ লাখ। বিদেশে ঘুরতে যাওয়ায় বিশাল অংকের টাকা বাইরে চলে যাচ্ছে। ছোট-বড় প্রায় ১ হাজার ৬০০টির মতো পর্যটন কেন্দ্র থাকার পরও বিদেশি পর্যটক টানতে ব্যর্থ বাংলাদেশ। দেশীয় পর্যটন শিল্পে বিদেশি পর্যটকের অবদান মাত্র ৫ শতাংশের নিচে।

প্রতিবছর বাংলাদেশে বিদেশি পর্যটক আসে মাত্র ৩ থেকে ৫ লাখ। যেখানে প্রতিবেশি দেশ ভারতে আসে প্রায় ২ কোটি, শ্রীলংকা ও মালদ্বীপে ২০ লাখ আর নেপালে ১৫ লাখ।

এমন বাস্তবতায় পর্যটন শিল্পকে আরও ভালোভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিনের পর্যটন মেলা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের এ আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশসহ আট দেশের ১৪৬টি ট্যুর অপারেটরের স্টল। যেখানে রয়েছে ট্যুর অপারেটরদের ১২টি বড় প্যাভিলিয়নও।

এসব প্যাভিলিয়ন ও স্টলে মেলা উপলক্ষে রয়েছে বিভিন্ন ছাড়ের অফার। এছাড়া মেলা থেকে দর্শনার্থীরা যে কোন আকর্ষণীয় পর্যটন স্পট ও খরচ সম্পর্কে সহজেই জানতে পারবেন।

পর্যটন মেলার উদ্বোধনী আয়োজনে ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি শিবলুল আজম কোরেশি বলেন, 'পর্যটনের বিস্তার ঘটাতে পারলে কর্মসংস্থান বাড়বে, বাড়বে জিডিপিও। পর্যটনের মাধ্যমে বিশাল এ জনসংখ্যাকে কর্মমুখী করতে পারলে আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে।'

দেশের পর্যটন খাতের মানের সমালোচনা করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, 'সরকারের পলিসি ও সেবার মান বাড়াতে না পারলে পর্যটন শিল্পের বিস্তার ঘটবে না। আকৃষ্ট করা যাবে না বিদেশি পর্যটকদেরও।'

পর্যটন খাত নিয়ে সরকারের পলিসির দুর্বলতা স্বীকার করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান পলিসি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিদেশী পর্যটকরা যাতে সহজে অনএরাইভাল ভিসা পান সেজন্য কাজ করার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, 'যে পলিসিগুলোতে সমস্যা আছে তা আমরা ঠিক করার চেষ্টা করছি। ট্যুরিস্টদের জন্য যেন পর্যটক ভিসায় আসা সহজ হয় এ বিষয়ে আমরা কথা বলছি।'

মেলা চলবে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা। মেলার প্রবেশ ফি ৩০ টাকা।

এসএস