কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড ‘বরদাশত করা হবে না’: তারেক রহমান

সংবাদ সম্মেলনে তারেক রহমান
দেশে এখন
0

কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড ‘বরদাশত করা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য শত উস্কানির মুখেও আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে।’

তিনি বলেন, ‘দলমত ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেয়া হবে না।’

আরও পড়ুন:

দলের আন্তঃকোন্দলের বিষয় ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি- এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’

এসএস