বিমানবন্দর সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এসব রুটে নির্ধারিত একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্বিত বা পুনঃনির্ধারিত হয়েছে।
বেবিচকের নির্দেশনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্বের বিষয়ে এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম অবহিত করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
এয়ারলাইনসগুলোকে বিমানবন্দরে তাদের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে।
পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত তথ্য সমন্বিত ও স্পষ্টভাবে জানিয়ে যাত্রীদের ভোগান্তি কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের দ্রুত নিজ নিজ এয়ারলাইন অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।—বাসস





