স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত

হানিফ সংকেত
দেশে এখন
0

দেশের বরেণ্য উপস্থাপক, পরিচালক ও নির্মাতা হানিফ সংকেত এবার গৌরবোজ্জ্বল স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ১৯৭৭ সাল থেকে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে প্রতি বছর প্রদান করা হয়ে আসছে।

আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। এবারের তালিকায় মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হবে। এর মধ্যে মরণোত্তরভাবে পুরস্কৃত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কণ্ঠশিল্পী বশির আহমেদ।

বিজ্ঞপ্তি প্রকাশের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

শেষে তিনি লেখেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করা হানিফ সংকেত নব্বই দশক থেকে তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছেন। এ অনুষ্ঠানে শুধু হাস্যরস নয়, সমাজের নানা অসঙ্গতির প্রতিবাদ এবং সমসাময়িক ঘটনার বিশ্লেষণও থাকায় তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

আরও পড়ুন:

হানিফ সংকেত একাধারে নাটক পরিচালক, অভিনেতা, লেখক ও গায়ক। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’, ‘কুসুম কুসুম ভালোবাসা’ এবং ‘শেষে এসে অবশেষে’। চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন এবং ‘প্রথম প্রেম’ সিনেমায় গানও গেয়েছেন।

তিনি এরইমধ্যে পেয়েছেন একুশে পদক (২০১০), জাতীয় পরিবেশ পদক এবং মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন দেশি-বিদেশি সম্মাননা। এবার স্বাধীনতা পুরস্কার যোগ হলে তার দীর্ঘমেয়াদী অবদানের স্বীকৃতি আরও সুস্পষ্ট হবে।

স্বাধীনতা পুরস্কার প্রতিটি বছরের মতো এবারও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।

এনএইচ