ঈদের ছুটিতে দায়িত্ব পালনকালে আহত কর্মীর চিকিৎসার সব খরচ বহন করবে ডিএসসিসি

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম
দেশে এখন
0

ঈদের ছুটিতে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশন বহন করবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আজ (রোববার, ২২ মার্চ) বিকেলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধীন বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন ২০ মার্চ ৩৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সালাউদ্দিন। এতে তার মাথা ও হাতে আঘাত লাগে।

হাসপাতালে আহত কর্মীর শয্যাপাশে কিছু সময় কাটিয়ে প্রশাসক তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত।’

আরও পড়ুন:

কর্মীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আব্দুস সালাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ কাজে হেলমেট, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। এ ঘটনায় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’

তিনি আরও জানান, বর্ষা মৌসুম ও ঝড়ের আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি কাজ শুরু করেছে। ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণে জরিপও চলছে।

এসময় প্রশাসক আহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরিদর্শনকালে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএইচ