ফ্যাসিবাদের ছায়া এখনো রয়ে গেছে: জামায়াত আমির

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির
দেশে এখন
3

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও সংকট পুরোপুরি কাটেনি।

আজ (রোববার, ২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে, যা দুঃখজনক। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে গেছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।’

গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এতে মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক ভূমিকা রাখবে জামায়াত। তবে জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না।’

আরও পড়ুন:

সংবিধান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন ও সংশোধন হয়। বাংলাদেশেও এটি সময়ের দাবি।’ সরকারের প্রতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে তার প্রতি আপত্তি রয়েছে।’ এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘সড়কসহ বিভিন্ন খাতে উন্নয়নের ঘাটতি স্পষ্ট। সিলেটের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাজ হলে জবাবদিহি নিশ্চিত হবে।

মতবিনিময় শেষে তিনি সিলেটের সাংবাদিক সমাজের ভূমিকার প্রশংসা করেন। পরে দক্ষিণ সুরমা থানা জামায়াতের প্রয়াত আমির মাওলানা মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এনএইচ