রাজবাড়ী জেলার এসপি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, ‘বাসটি ডুবে যাওয়ার সময় ৬-৭ জন সাঁতরে পার হয়ে গিয়েছিলো। ধারণা করা হচ্ছে তারা বেঁচে গেছেন। তবে সে সময় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে নেয়া হলে দুইজন হাসপাতালেই মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন আছেন। এদের তিনজনই নারী।
আরেকজন উদ্ধারকৃত প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও নিশ্চিত করেন তিনি।
দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানিয়েছেন, ডুবে যাওয়া বাসটিতে নারী-শিশুসহ প্রায় ৫০ জন যাত্রী ছিল।
এর আগে বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ার আগে ওই বাস থেকে পাঁচ থেকে সাতজন যাত্রী বের হতে পেরেছিল। তবে বেশিরভাগ যাত্রী বাসের ভেতরে ছিল।





