জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতাদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বিরোধী দলীয় নেতাদের শ্রদ্ধা
দেশে এখন
0

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহিদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও মন্ত্রীপরিষদের সদস্যরা। তাদের পরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া বিরোধীদলীয় অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন।

অরুণোদয়ের প্রথম আলো আজ যেন আবারও স্মরণ করিয়ে দেয় এক মহান আত্মত্যাগের ইতিহাস। এই সূর্যোদয় কেবল নতুন দিনের সূচনা নয়, বরং জাতির বীর সন্তানদের অমরত্বের প্রতীক। স্বাধীনতার জন্য আত্মাহুতি দেয়া লাখো শহিদের প্রতি গভীর শ্রদ্ধায় নত আজ সমগ্র বাংলাদেশ। এই জনপদের মাটি ও মানুষ আজও গর্বে দীপ্ত, তাদেরই রক্তে রঞ্জিত স্বাধীনতার মহিমায়।

৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহিদ সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

আরও পড়ুন:

গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবকের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন সেইসব মহান আত্মত্যাগের কথা, যার বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন ভূখণ্ড। এসময় সশস্ত্র বাহিনীর একটি সুশৃঙ্খল দল প্রদান করে রাষ্ট্রীয় সালাম, যার প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হয় গৌরব ও বেদনার মিশ্র সুর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে ফুলের শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর শহিদ পরিবারের সদস্যরা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাভরে স্মরণ করেন তাদের সহযোদ্ধাদের। এক মিনিট নীরবতা পালন করে।

এসময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে সরকার।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এ দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ারর শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবো।’

সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার আশা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ, আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। পুরো দেশবাসীকে আমরা জাতীয় এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি।’

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘একাত্তরের যে আকাঙ্ক্ষা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতেই সাম্যের এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এ বাংলাদেশ গড়তে চাই।’

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জাতির অমর সন্তানদের।

এসএস