জ্বালানি সংকট: একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে পাম্প বন্ধ

পাম্প তেলের জন্য লাইন
দেশে এখন
0

জ্বালানি সংকটে বদলায়নি রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায় চালকদের। তবে কিছু এলাকার পাম্প বন্ধ থাকায় ভোগান্তির অভিযোগ করেন ক্রেতারা। অন্যদিকে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি পাম্প মালিকদের।

পাম্পের সামনে শতাধিক গাড়ি-মোটরসাইকেলের লাইন। যদিও কিছুক্ষণের মধ্যেই শেষ তেলের মজুত। গেট বন্ধ করা নিয়ে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অপেক্ষমাণ চালকরা।

তেল সংকটে পাম্পের লোকজনের সঙ্গে ক্রেতার দ্বন্দ্ব এখন প্রায় নিয়মিত চিত্র। ভোগান্তিতে দীর্ঘশ্বাস চালকদের।

তেল নিতে আসা গ্রাহকরা জানান, সরকার বলেছে তেলের মজুদ আছে তাহলে এখন তেল পাচ্ছি না কেন? রাইড শেয়ার করে চলতে হয়, এখন বাসায় না খেয়ে থাকতে হবে।

আরও পড়ুন:

ছুটির দিনে ডিপো বন্ধ থাকায় নতুন মজুত আসছে না। ফলে চাপ পড়ছে খোলা থাকা ফিলিং স্টেশনে। সকাল থেকে মাইলের পর মাইল লাইনে অপেক্ষা।

ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ জানিয়ে বলেন, দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকার পর এখন বলছে তেল নেই। গেট বন্ধ করে দিয়েছে এরইমধ্যে।

সরকারের দাবি তেলের পর্যাপ্ত মজুত আছে। তবু কেন এমন ভোগান্তি, সেই প্রশ্নই ক্রেতাদের।

ইএ