আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসছে ১৪ দলের পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের টিকিট নিবন্ধনের সময় শেষ হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে টিকিটের জন্য হাহাকার।
তবে সব উন্মাদনাকে পেছনে ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আরো একবার ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ! অবাক করা বিষয় হলো, এই একই মাঠে ২১ নভেম্বরের ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ-যা স্পষ্ট করে ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কতোটা বেশি।
আরও পড়ুন:
আইসিসির তথ্য অনুযায়ী, ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক এ পর্যন্ত ১২ কোটির বেশি টিকিটের জন্য আবেদন করেছেন। শুধু তাই নয়, ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হওয়ায় প্রমাণ হয় টিকিটের এই চাহিদা কেবল বড় ম্যাচের জন্য সীমাবদ্ধ নয়।
আফ্রিকার আটটি ভেন্যুতে ৪১ ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকাতেই জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি আবেদন, যার মধ্যে শুধু দেশটির নিজেদের ম্যাচের জন্যই প্রায় ২ কোটি ৬০ লাখ আবেদন পড়েছে।
অন্যদিকে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসের নতুন স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে-ভারত ম্যাচের জন্য পড়েছে ৩৩ লাখের বেশি আবেদন। আর নামিবিয়ার উইন্ডোহকে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দেখতে প্রায় ৯ লাখ টিকিটের আবেদন করেছে সমর্থকরা।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই ব্যালট উইন্ডো খোলা থাকবে এবং আইসিসির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস থেকে বলা হয়েছে টিকিটের এই অভূতপূর্ব চাহিদা ২৪ বছর পর আফ্রিকান মাটিতে ওয়ানডে বিশ্বকাপ ফেরানোর গুরুত্বকেই নতুন করে তুলে ধরেছে।





