প্রতিনিধি দলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।
সাক্ষাতে জাপানি প্রতিনিধি দলটি জানায়, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক জাপানি প্রতিনিধি দলের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
প্রতিমন্ত্রী তাদের এই প্রকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে তাদের প্রস্তাবনাটি আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে জমা দেয়ার আহ্বান জানান। এর ফলে দ্রুততম সময়ে এই উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





