স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রের সংবিধান কোনো ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে পরিবর্তন করতে পারে না, কেবল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই তা করতে পারেন।’
স্পিকার বলেন, ‘জনগণ যাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, তারাই দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবেন। সংবিধান পরিবর্তনের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতেই ন্যস্ত।’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি এরই মধ্যে এ সনদে স্বাক্ষর করেছে এবং তারা এটি বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন:
স্পিকার জানান, বিএনপি জুলাই সনদ নিয়ে সংসদে নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে উল্লেখ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ দল চাইলে নোট অব ডিসেন্টের মাধ্যমে সংশোধনের সুযোগ রয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল এবং এ জটিলতা অনেক সময় রাজনৈতিক নেতারাই তৈরি করেন।’
এর আগে স্পিকার ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছালে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভোলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা লালমোহনে গণসংবর্ধনায় অংশ নিতে রওনা হন।
উল্লেখ্য, তিনি ঢাকা থেকে রওনা দিয়ে বরিশাল হয়ে ফেরি পার হয়ে ভোলায় পৌঁছান। তিন দিনের সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে।





