এনভিডিয়ার গুপ্তচরবৃত্তি বিতর্ক: অ্যালিস হুয়াংকে নিয়ে মুখ খুললো মেগাস্পিড

এক সমর্থককে শুভেচ্ছা জানাচ্ছেন এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, পাশে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং
বিদেশে এখন
0

প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা নারী ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির বিতর্কের মধ্যে প্রথমবারের মতো মুখ খুলেছে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড-কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড। রোববার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে মেগাস্পিড ছেড়েছেন অ্যালিস হুয়াং এবং বর্তমানে প্রতিষ্ঠানটিতে তার কোনো ভূমিকা নেই।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক বিবৃতিতে মেগাস্পিড জানিয়েছে, ‘অ্যালিস হুয়াং ২০২৫ সালের ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে মেগাস্পিড ছেড়েছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানে তার কোনো পদ বা ভূমিকা নেই। হুয়াংয়ের ব্যক্তিগত ও একান্ত বিষয়ে মেগাস্পিড কোনো মন্তব্য করে না।’

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা বৈধ ও আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করে এবং অভ্যন্তরীণভাবে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য বাইরের আইনি পরামর্শক নিয়োগ করেছে।

জেনসেন হুয়াংয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই মেগাস্পিডকে ঘিরে কড়া নজরদারি শুরু হয়। এর মধ্যে মেগাস্পিডের সাবেক নির্বাহী কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও তার সম্পর্ক ছিল, যাকে চীনা গোয়েন্দা সংস্থার সদস্য বলে মনে করেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বিতর্কের মুখে গত ১২ নভেম্বর নিজের পদ থেকে সরে দাঁড়ান জেনসেন হুয়াং।

নিজেদের ওয়েবসাইটে মেগাস্পিডকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার কম্পিউটিং পাওয়ার ক্লাউড ব্যবসার মূল ব্যবসায়িক অংশীদার হিসেবে বর্ণনা করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা এনভিডিয়ার সম্পূর্ণ জিপিইউ পণ্যগুলোর আওতায় বেসরকারি ও গ্রাহকের চাহিদা অনুযায়ী কম্পিউটিং পাওয়ার সেবা দিয়ে থাকি।’

মেগাস্পিডের বিরুদ্ধে ২০২৪ সাল থেকেই তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনে পাচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি মাধ্যম হিসেবে কাজ করেছে বলে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ তাদের কাছে রয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশটির কর্তৃপক্ষও এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে মেগাস্পিড যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

চীনা নাগরিক অ্যালিস হুয়াং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সিদ্ধান্তে পৌঁছেছে যে অ্যালিস হুয়াং একজন চীনা গোয়েন্দা সদস্য এবং তিনি বেইজিংয়ের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। জেনসেন হুয়াং ও এনভিডিয়াকে লক্ষ্য করে পরিচালিত এক অভিযানের অংশ হিসেবে চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) তাকে নিয়োগ করেছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

—হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে

এএম