শনিবার সংগঠনটির নিউ ইয়র্ক শাখার সম্মেলনে ২৯১-১২৩ ভোটে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। এটি ডিএসএর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সমর্থন না হলেও এর মাধ্যমে ওকাসিও-কর্তেজকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে উৎসাহিত করা এবং সম্ভাব্য প্রচারণার ভিত্তি তৈরির অঙ্গীকার করেছে নিউ ইয়র্ক সিটি শাখা।
ডিএসএর নিউ ইয়র্ক সিটি শাখার কো-চেয়ার গুস্তাভো গর্দিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে আল জাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তবে আমি মনে করি আমরা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারব।’
মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ-সমর্থিত প্রার্থীদের ভালো ফলাফলের পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। এবার রেকর্ড আটজন ডিএসএ-সমর্থিত প্রার্থী ফেডারেল পদে নির্বাচিত হয়েছেন এবং আগামী জানুয়ারিতে তারা কংগ্রেসের আসন গ্রহণ করবেন।
সংক্ষেপে এওসি নামে পরিচিত ওকাসিও-কর্তেজ নিজের শহরের সংগঠন এনওয়াইসি-ডিএসএর দীর্ঘদিনের সদস্য। প্রায় ১৫ হাজার সদস্যের নিউ ইয়র্ক সিটি শাখাটি এই আন্দোলনের অন্যতম প্রভাবশালী শাখায় পরিণত হয়েছে। শাখাটি গত বছর মেয়র জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল এবং ২০১৮ সাল থেকে ওকাসিও-কর্তেজের পাঁচটি সাধারণ নির্বাচনের সব কটিতেই তাকে সমর্থন দিয়েছে। নির্বাচনি এই প্রভাব যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির দিকনির্দেশনা নির্ধারণে শাখাটিকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে।
এনওয়াইসি-ডিএসএর আরেক কো-চেয়ার গ্রেস মাউসার বলেন, ‘এখন আমরা সিটি হলে একজন মেয়রকে বসিয়েছি এবং শহরে তিনজন সমাজতন্ত্রীকে নির্বাচিত করেছি। তাই কোনো রাজনীতিবিদ ব্যক্তিগতভাবে ডিএসএ সম্পর্কে যা-ই ভাবুন না কেন, আমরা কী বলছি এবং কীভাবে এগোচ্ছি সেদিকে তারা অবশ্যই নজর রাখছেন। খোলাখুলি বললে, আমরা এই শহর, অঙ্গরাজ্য এবং দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি।’
নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্র্যাট প্রতিনিধি ওকাসিও-কর্তেজ ২০১৮ সালে দলীয় প্রাইমারিতে টানা ১০ মেয়াদের এক কংগ্রেস সদস্যকে হারিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। প্রথম সারির এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট সর্বজনীন স্বাস্থ্যসেবা, সরকারি কলেজে বিনা বেতনে পড়াশোনা এবং শ্রমিকদের সুরক্ষার মতো নীতিগুলোর পক্ষে কথা বলে আসছেন।
সংগঠনটির পক্ষ থেকে জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনের রূপরেখা এখনো চূড়ান্ত করা হয়নি। মাউসার জানান, ভোটারদের সঙ্গে কথা বলার সময় সদস্যরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোকে ঘিরেই এই রূপরেখা তৈরি করা হবে। তিনি বলেন, ‘মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুদের যত্নের মতো জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত প্রধান সমস্যাগুলো দেখতে পাই। এগুলোই হবে ফেডারেল রূপরেখার মূল ভিত্তি।’
পাস হওয়া প্রস্তাবের ভাষ্য অনুযায়ী, এই নির্বাচনি প্রচারণা শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করার মতো একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ এগিয়ে নেয়ার সুযোগ করে দেবে। এতে সরকারি আবাসন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কার্যক্রম বন্ধ করা, শ্রমিকদের সংগঠিত করা এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থি আন্দোলনকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওকাসিও-কর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নামাতে বামপন্থিদের ক্রমবর্ধমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে এনওয়াইসি-ডিএসএর এই ভোট। এর আগে তাকে সম্ভাব্য সমর্থন দেয়া নিয়ে জাতীয় ডিএসএর ভেতরে বিতর্ক হয় এবং তাকে নির্বাচনে লড়ার আহ্বান জানিয়ে রেডি ফর এওসি নামের একটি স্বতন্ত্র প্রচারণা শুরু হয়। ওকাসিও-কর্তেজ এর আগে জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এর ফলে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়া কিংবা মার্কিন সিনেটের আসনে প্রতিদ্বন্দ্বিতা করার উভয় সম্ভাবনাই খোলা রয়েছে।





