বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে উপস্থিত হন মন্ত্রী। এসময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন ধর্মমন্ত্রী। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন।
এসময় মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন:
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান—তা নিশ্চিত করতে হবে।’
এসময় মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। এসময় গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন মন্ত্রী।




